আজ সকালে দেখি বাংলাদেশ ক্রিকেটের অনেক সমর্থক: তামিম

চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবালফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন দিনেও এসব প্রশ্ন শুনতে হয়তো একটু খারাপই লাগছে তামিম ইকবালের।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট তো বটেই, সব সংস্করণ মিলিয়ে প্রথম কোনো ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছেন মুমিনুল হক, লিটন দাস, ইবাদত হোসেনরা।

কিন্তু একদিকে ইতিহাস রাঙানোর আনন্দ হচ্ছে, অন্যদিকে নেতিবাচক মন্তব্য হয়েছে দলের অনেক সিনিয়রদের নিয়ে। এমন জয় কি সিনিয়রদের ছাড়াই বাংলাদেশ দলের জিততে শিখে যাওয়ার ইঙ্গিত কি না, এমন কথাও উঠছে।

তবে তামিম ইকবাল এসব প্রশ্নে আজ উত্তর দিতে রাজি নন। এক জয়েই হঠাৎ এত কিছু বলে ফেলার সময় আসেনি জানিয়ে বাঁহাতি ওপেনার বললেন, আজকের দিনে কোনো বিতর্ক নয়। জয়ের আনন্দে অনেককেই সঙ্গী পাওয়া যায়, কিন্তু দল হেরে গেলে পাশে থাকার মানুষ খুব কম বলেও মন্তব্য করেছেন তামিম।

বাংলাদেশ আজ মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছে
ছবি: টুইটার

এই সিরিজে তামিম ইকবাল নেই চোটের কারণে, সাকিব আল হাসান ছুটি চেয়েছেন। মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন কিছুদিন আগে। মাশরাফি বিন মুর্তজা তো টেস্টে নেই অনেক বছর ধরেই। টি-টোয়েন্টিতেও নেই। আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও ওয়ানডেতেও বাংলাদেশ দলে মাশরাফি-অধ্যায় শেষ বলেই ধরে নিয়েছেন প্রায় সবাই।

বাংলাদেশ দলে এত বছর ধরে যে ‘পঞ্চপাণ্ডব’কে নিয়ে মাতামাতি ছিল, তাঁদের মধ্যে এই টেস্টে ছিলেন শুধু মুশফিকুর রহিম। কিন্তু জয়সূচক রানটা তাঁর ব্যাট থেকে এলেও দুই ইনিংসে তাঁর ব্যাট দেখেছে ১২ ও অপরাজিত ৫ রানের ইনিংস।

পঞ্চপাণ্ডবের চারজনকে ছাড়া এই জয়ে অনেকে যেখানে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন, অনেকে আবার অযথা উল্টো খোঁচা মারছেন পঞ্চপাণ্ডবের প্রয়োজনীয়তা নিয়ে।

আমি কয়েক দিন আগে বলেছিলাম, সোহান (নুরুল হাসান) সম্ভবত বাংলাদেশের সেরা উইকেটকিপার। তার মানে তো এটা নয় যে মুশফিকুর রহিম যে ১৪ বছর ধরে উইকেটকিপিং করছে, তাঁর সঙ্গে এক সিরিজের পর (নুরুলের) তুলনা করবেন!
কথার ব্যাখ্যা কীভাবে হয় সেটি বোঝাতে তামিম ইকবাল

তামিম আজ বাণিজ্যিক প্রতিষ্ঠান নগদের প্রচারণার উদ্দেশ্যে ফেসবুক লাইভে আসার পর তাঁর সামনে সে প্রসঙ্গ আনা হলো। তাতে বাঁহাতি ওপেনারের উত্তর, ‘আমাদের সমস্যা হলো একটা জয় বা একটা ইনিংসের পর আমরা খুব তাড়াতাড়ি মতামত দিই। আমি কয়েক দিন আগে বলেছিলাম, সোহান (নুরুল হাসান) সম্ভবত বাংলাদেশের সেরা উইকেটকিপার। কোনো সন্দেহ নেই, আমি শতভাগ নিশ্চিত। সে দারুণ কিপার। তার মানে তো এটা নয় যে মুশফিকুর রহিম যে ১৪ বছর ধরে উইকেটকিপিং করছে, তাঁর সঙ্গে এক সিরিজের পর (নুরুলের) তুলনা করবেন!’

নিয়ত প্রতিক্রিয়াশীল বাংলাদেশের ক্রিকেট-সমাজে দলের খারাপ সময়ে খুব বেশি মানুষকে পাশে পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তামিম, ‘নতুন দল বা এসব আলোচনা...মতামত তো খুব তাড়াতাড়ি বদলে যায়। আজ সকালে আমার মনে হচ্ছিল হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট ফ্যান অনেক বেড়ে গেল। এত দিন কিন্তু কেউ ছিল না। আজকে দেখি যে অনেক ক্রিকেট ফ্যান বাংলাদেশের। সবাই স্ট্যাটাস দিচ্ছে। ভালো সময় পাশে থাকাটা খুব সহজ। খারাপ সময়ে থাকাটা হলো সবচেয়ে কঠিন।’

বাংলাদেশের জয় নিয়ে কালই নিঃসংশয় হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল
ছবি : এএফপি

বাংলাদেশ দল গত কিছুদিনে কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও ঘুরে দাঁড়ানোর বিশ্বাস তামিমের ছিল, ‘আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা ঘুরে দাঁড়াব জানতাম, সেটা যেকোনো সংস্করণেই হোক। কিন্তু এত বিশাল কিছু করে ঘুরে দাঁড়াব, সেটা আমিও আশা করিনি।’

তবে আজ যে বাংলাদেশ জিততে যাচ্ছে, সেটা গতকালই ভাবতে পেরেছিলেন তামিম। ফেসবুক লাইভে তা-ই বললেন, ‘আমি (গতকাল) রাতে খুব নির্ভার ছিলাম। কারণ, ম্যাচ ৯০ ভাগ আমাদের হাতে ছিল। ওদের ৫ উইকেট পড়ে গিয়েছিল। লিডটা বেশি হয়নি, মাত্র ১৭ রানের। লিডটা বেশি হলে দুশ্চিন্তায় থাকতাম। ড্রও যদি করত বাংলাদেশ, সেটাও বড় অর্জন হতো।’