আজ সঙ্গী পাবে দোলেশ্বর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৬ ম্যাচের প্রথম পর্ব। ম্যাচ হয়ে গেছে ৫৭টি। কিন্তু এ পর্যন্ত শুধু প্রাইম দোলেশ্বরই নিশ্চিত করেছে সুপার লিগ। বুড়িগঙ্গার ওপারের দলটি অবশ্য আজই সঙ্গী পেয়ে যেতে পারে। আজ দশম রাউন্ডে মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়া নিজ নিজ ম্যাচ জিতে গেলে সুপার লিগে দোলেশ্বরের সঙ্গী হবে। আর যদি এই তিন দলই হেরে যায় তবে শেষ পাঁচটি দল পেতে অপেক্ষা করতে হবে শেষ রাউন্ড পর্যন্ত।
সুপার লিগে ওঠার লড়াইয়ে আজ ফতুল্লায় কলাবাগান ক্রীড়াচক্রের মুখোমুখি মোহামেডান। মোহামেডান আজ হেরে গেলেও আরেকটি সুযোগ পাবে সুপার লিগে ওঠার। কিন্তু মাশরাফি বিন মুর্তজার কলাবাগান হেরে গেলে, শুধু কাগজে-কলমেই ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকবে প্রথম ৯ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া দলটির, আশঙ্কা থাকবে রেলিগেশন লিগ খেলারও।
মিরপুরে মুখোমুখি ভিক্টোরিয়া ও ব্রাদার্স ইউনিয়ন। ৯ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের সমীকরণটাও কলাবাগানের মতো। জিতলে সম্ভাবনা বাড়বে, হারলে কার্যত আশা শেষ। বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে ম্যাচটা একটু পিছিয়ে থেকেই শুরু করবে রূপগঞ্জ। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দলটি পাচ্ছে না অধিনায়ক মোশাররফ হোসেন ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে।