আজ 'এ' দলের আরেকটি পরীক্ষা
দক্ষিণ আফ্রিকায় এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ ‘এ’ দল। আজ কি পাবে? আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে আজ স্থানীয় একাডেমি দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে জয়টা বড় বেশি প্রয়োজন শুভাগত হোম চৌধুরীর দলের।
এর আগে নর্দার্ন টাইটানসের কাছে ৫০ ওভারের ম্যাচ এবং টাইটানসের কাছে তিন দিনের ম্যাচে হেরেছে বাংলাদেশ ‘এ’। এই দুই ম্যাচের ব্যাটিং দেখে খুবই হতাশ দলের ম্যানেজার হাবিবুল বাশার। ব্যাটসম্যানদের মধ্যে নাকি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কোনো চেষ্টাই দেখছেন না নির্বাচক কমিটির এই সদস্য। ‘ছেলেদের মধ্যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কোনো চেষ্টা দেখছি না। বারবার একই ভুল করে যাচ্ছে, প্রয়োজনে-অপ্রয়োজনে স্ট্রোক খেলছে’—মুঠোফোনে বলেছেন হাবিবুল।
তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আশা, ৩০ অক্টোবর জিম্বাবুয়ে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় শেষ তিনটি ম্যাচে ঘুরে দাঁড়াবেন সৌম্য-সাব্বিররা। কাল টাইটানসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও পরশু প্রাদেশিক দলের বিপক্ষে শেষ ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।