আজই আবার মোস্তাফিজ

সাব্বির রহমানের সানগ্লাসটা একটু চাইলেন পরার জন্য। কিন্তু ইমরুল কায়েসকে সাব্বির কিছুই দেবেন না। সামনে থাকা সাংবাদিকদেরও বলে দিলেন, ‘ওনার সঙ্গে আমার কোনো ছবি তুলবেন না। ওনার কারণে আমি রানআউট হয়েছি।’
ভাষাটা ঝগড়ার। তবে ট্রেইলওয়েজ হোটেলের সামনে কাল ইমরুল-সাব্বিরের মধ্যে পুরো ব্যাপারটা ঘটল রসিকতার ছলে। যার প্রেক্ষাপটে আছে দুজনের সুসম্পর্ক আর ভালো বোঝাপড়া। বিশ্বাস না হলে সাব্বিরের মুখেই শুনুন, ‘আমরা সব সময় একসঙ্গে থাকি। তবে রানআউট নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমন নয় যে আমি রানআউট হয়েছি বলে ইমরুল ভাই আমার শত্রু হয়ে যাবেন।’
তাঁদের এই বোঝাপড়াটার প্রকাশ পরশু মাঠেও দেখা গেলে হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অন্য রকম ফল দেখত বাংলাদেশ। সেটা হয়নি বলে বারবার আলোচনার কেন্দ্রে চলে আসছে সাব্বিরের রানআউট। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের পর কাল ইমরুল, সাব্বির নিজেরাও বললেন, ওই রানআউটই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
ঘটনাটাকে দুজনই ভুলে যেতে চান। কারণ এটাও খেলার একটা অংশ। এই একটা অংশ নিয়ে বসে থেকে বাকি সিরিজে মনের ওপর চাপ নেওয়া কেন? তার চেয়ে স্যাক্সটনে আজ ভুল থেকে শেখার প্রতিজ্ঞা করা ভালো। সাব্বিরের কথায় সেটা আছে, ‘ভালো ক্রিকেট খেলার চিন্তা করছি। আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। তৃতীয় ওয়ানডেতে চেষ্টা করব এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো খেলতে।’
একই প্রতিজ্ঞা ওপেনার ইমরুল কায়েসেরও। রানআউটকে খেলার অংশ বললেও স্বীকার করেছেন, একটা ভুল তাঁরা করেছেন, ‘সাব্বির ও আমি আর কিছুক্ষণ খেলতে পারলে ম্যাচ সহজ হয়ে যেত।’ নিউজিল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো সব দলের জন্যই কঠিনতম কাজ। এই কন্ডিশনে নিয়মিত না খেলা বাংলাদেশ দলের জন্য তা আরও কঠিন।
দলের শক্তি ও সমন্বয়ে ঘাটতি থাকলে তো সেটা আরও বেশি। আশার কথা, এক ম্যাচ বিশ্রাম দিয়ে আজ দলে যোগ দেওয়ার কথা মোস্তাফিজুর রহমানের। ফিজিও ডিন কনওয়ের পরামর্শে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তবে আজ আবার দলে ফিরছেন মোস্তাফিজ। খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে। নিজেকে খেলার মতো ফিট বলেও জানিয়েছেন মোস্তাফিজ, ‘আমি পুরোপুরি ফিট আছি। এখন ফিজিও বললেই খেলতে নামব।’
আগের ম্যাচে মোস্তাফিজের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল পেসার শুভাশিস রায়কে। অভিষেক ম্যাচে একেবারে খারাপ করেননি শুভাশিস। নতুন বলে মাশরাফি বিন মুর্তজার সঙ্গী হয়েছেন। ১০ ওভারে এক মেডেনসহ ৪৫ রানে নিয়েছেন স্যান্টনারের উইকেটটি। এর আগে নিজের বলে উইলিয়ামসনের দেওয়া ফিরতি ক্যাচটি নিতে পারলে অভিষেকটা আরও রঙিন হতো রংপুরের তরুণের। কাল রাত পর্যন্ত তৃতীয় ওয়ানডের দলে এই একটিই পরিবর্তন হওয়ার কথা।
তবে এটা কাল বিকেলের খবর। সন্ধ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অধিনায়ক ও সহ-অধিনায়কদের সঙ্গে ছোটখাটো একটা সভায় বসেছিলেন। সভার ফলাফল রাতেই পাওয়া না গেলেও দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা হবে আজ।