আজই আবারও ক্রিকেট মাঠে ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ক্রিকেট ছেড়েছিলেন, কিন্তু ক্রিকেট তাঁকে ছাড়েনি। অবসর নেওয়ার কয়েক মাসের মধ্যেই শুনলেন সেই নেশার ডাক। সেই ডাকে সাড়া দিয়েই এ মাসের শুরুতে মাইকেল ক্লার্ক জানিয়েছিলেন, ক্রিকেটে ফিরছেন তিনি। সেই প্রত্যাবর্তনটা হচ্ছে আজ, নিজের কৈশোরের ক্লাব ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে। আবারও ব্যাট হাতে নামার আগে নাকি খুব চাপও অনুভব করছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।
গত বছর অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েই ওয়ানডে থেকে অবসর নেন মাইকেল ক্লার্ক। পরে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে বাজে পারফরম্যান্সের পর বিদায় বলে দেন টেস্ট ক্রিকেটকেও। কিন্তু প্রায় এক যুগ যে ক্রিকেটকে ধ্যানজ্ঞান করে নিয়েছিলেন, সেটা থেকে চাইলেই কি আর দূরে থাকা যায়! কয়েক মাসের মধ্যেই বুঝতে পারলেন তিনি আসলে ক্রিকেট তাঁকে খুব টানছে। সে কারণেই সিডনির ক্লাব ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে যখন দুই দিনের একটা ম্যাচে খেলার প্রস্তাব এল, লুফে নিলেন।
আজ থেকে শুরু হতে যাওয়া সেই ম্যাচের আগে ক্লার্ক কিছুটা আবেগাপ্লুতও, ‘১৬ বছর আগে যখন এই ক্লাবের হয়ে প্রথম খেলেছিলাম, সেই অনুভূতিটা ফিরে আসছে। এখানে খেলেই আমি কিশোর থেকে যুবক হয়েছি। এখানেই তো ক্রিকেট শিখেছি।’
প্রত্যাবর্তন ম্যাচ নিয়ে স্কাই স্পোর্টস রেডিওর সঙ্গে কথা বলতে গিয়ে ক্লার্ক যেন ফিরে গেলেন তাঁর আন্তর্জাতিক অভিষেকের আগের মুহূর্তে, ‘ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে ব্যাট হাতে নামার সময় কিছুটা নার্ভাস থাকব। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম খেলার আগে ঠিক এমনই স্নায়ুচাপ ছিল।’
ক্লাব ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে আপাতত ভাবছেন না ক্লার্ক। তবে টি-টোয়েন্টি ক্রিকেটটা তাঁর মাথায় আছে। উড়িয়ে দিচ্ছেন না অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার সম্ভাবনাও। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণটা যে তাঁর কাছে এখনো একটা অতৃপ্তির নাম! ক্রিকেট অস্ট্রেলিয়া, সিডনি মর্নিং হেরাল্ড।