আজই কি চ্যাম্পিয়ন পাবে প্রিমিয়ার লিগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লেয়ার্স বাই চয়েসই নিশ্চিত করে দিয়েছিল জমজমাট লড়াই-ই দেখবে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। গত ২২ এপ্রিল শুরু হওয়া ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা সেই প্রত্যাশা মিটিয়েছে ভালোভাবেই। মাঠের জমজমাট প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই, তবে মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্কও এটিকে আলোচনায় এনেছে আরও বেশি করে। আর মাত্র দুই রাউন্ড বাকি, অসমাপ্ত পড়ে আছে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচটিও। এ অবস্থায় শিরোপার লড়াইয়ে এখনো টিকে আছে চারটি দল। তবে সব উত্তেজনা মিইয়ে যেতে পারে আজই।
আজ বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ যদি আবাহনীকে হারিয়ে দেয় এবং ফতুল্লায় ভিক্টোরিয়ার কাছে হেরে যায় প্রাইম দোলেশ্বর, তাহলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে রূপগঞ্জ। এই রাউন্ডের আগে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট রূপগঞ্জের, ১৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৮, সমান ম্যাচে দোলেশ্বরের পয়েন্ট ১৬ ও ১৪ ম্যাচে ভিক্টোরিয়ার পয়েন্ট ১৭। আজ রূপগঞ্জ ও ভিক্টোরিয়া জিতলে সব ম্যাচ শেষে কাগজে-কলমে রূপগঞ্জকে ছোঁয়ার সম্ভাবনা থাকবে শুধু আবাহনীর। এই দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে আসবে মুখোমুখি লড়াইয়ের হিসাব, যেখানে এগিয়ে থাকবে রূপগঞ্জ।
অবশ্য আজ দোলেশ্বর জিতে গেলে আবাহনী-রূপগঞ্জের ম্যাচের ফল যা-ই হোক না কেন শিরোপা নিষ্পত্তি হবে সব ম্যাচ শেষ হওয়ার পরই। আজ দিনের অন্য ম্যাচে মিরপুরে মোহামেডানের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে দল দুটি।
পয়েন্ট তালিকা
 দল               ম্যাচ    জয়      হার     টাই/পরি.  পয়েন্ট     নেট রান রেট
রূপগঞ্জ            ১৪      ৯        ৩        ১/১         ২০      +০.৩৬৮
আবাহনী           ১৩      ৯        ৪       ০/০         ১৮       +০.৯০০
ভিক্টোরিয়া         ১৪      ৮        ৫       ১/০         ১৭       +০.১৪৫
দোলেশ্বর          ১৩      ৮        ৫       ০/০         ১৬       +০.২৬৩
প্রাইম ব্যাংক      ১৪      ৭        ৭        ০/০         ১৪       +০.১২০
মোহামেডান       ১৪      ৭        ৭        ০/০         ১৪      -০.২২৭
আজকের খেলা
আবাহনী-রূপগঞ্জ বিকেএসপি
ভিক্টোরিয়া-দোলেশ্বর ফতুল্লা
মোহামেডান-প্রাইম ব্যাংক মিরপুর