আজই চ্যাম্পিয়ন আবাহনী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ এপ্রিল থেকে শুরু। গত দুই মাসে নানা ঘটনা, বিতর্ক পেরিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ চলে এসেছে একেবারে শেষ প্রান্তে। তিন মাঠে সুপার লিগের শেষ রাউন্ড হবে আজ। এবারের লিগের পয়েন্ট তালিকায় এমনই টানটান উত্তেজনা যে, এই রাউন্ডের আগেও নিশ্চিত হওয়া যায়নি কোন দলের ভাগ্যে জুটছে শিরোপার মুকুট। শুধু তা-ই নয়, আবাহনী-প্রাইম দোলেশ্বর স্থগিত ম্যাচের কারণে আজকের পরও ঝুলে থাকতে পারে শিরোপার নিষ্পত্তি!
সেটা না হওয়ার একটিই শর্ত—আজ দুটো ঘটনা ঘটতে হবে একসঙ্গে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীকে জিততে হবে প্রাইম ব্যাংকের বিপক্ষে। আর বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে প্রাইম দোলেশ্বরকে হারতে হবে। চার মৌসুম পর শিরোপা জয়ের উৎসবে তাহলে আজই মাততে পারবে তামিম ইকবালের আবাহনী। এর কোনো একটি না হলেই শিরোপা নিষ্পত্তির জন্য তাকিয়ে থাকতে হবে আবাহনী-প্রাইম দোলেশ্বরের স্থগিত ম্যাচ নিয়ে বিসিবির সিদ্ধান্তের দিকে। ওই ম্যাচের জটিলতা নিরসনে ৭২ ঘণ্টার সময় দিয়ে গঠিত কমিটি কাল কথা বলেছে সব পক্ষের সঙ্গে। বিসিবির সভাপতির কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা আজ।
এবারের লিগ আর বিতর্ক হেঁটেছে হাতে হাত ধরে। তবে মাঠের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাই দেখা গেছে। পয়েন্ট তালিকায়ও পড়েছে তার ছাপ। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী, সব হিসাবেই শিরোপা জয়ের সম্ভাবনাও তাদেরই বেশি। আজ জিতলে আবাহনীর হবে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট। বিকেএসপিতে রূপগঞ্জ জিতলে তাদের পয়েন্টও হবে ২২ (১৬ ম্যাচে)। স্থগিত হওয়া ম্যাচটি যদি হয় এবং সেটিতে আবাহনী হারে, তামিমদের পয়েন্ট ২২-ই থাকবে। আবাহনী-রূপগঞ্জের সমান পয়েন্ট হয়ে গেলে আসবে মুখোমুখি লড়াইয়ের হিসাব। এখানে অবশ্য দুই দলের ১-১ সমতা। এরপর আসবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কোন দল। সেখানেও এগিয়ে আবাহনী, আজ দুই দলই জিতলে ১৬ ম্যাচে আবাহনীর জয় থাকবে ১১টি, রূপগঞ্জের ১০টি। এ ক্ষেত্রেও চ্যাম্পিয়ন হবে আবাহনী।
সুযোগ হারিয়ে যাচ্ছে না দোলেশ্বরেরও। তারা রূপগঞ্জকে হারিয়ে দিলে এবং প্রাইম ব্যাংকের কাছে আবাহনী হেরে গেলে স্থগিত ম্যাচটার ফল আসা জরুরি হয়ে পড়বে। ম্যাচটায় তামিম-সাকিবদের হারাতে পারলে দোলেশ্বরের পয়েন্ট হবে ১৬ ম্যাচে ২২। আবাহনীর সঙ্গে দোলেশ্বরের মুখোমুখি লড়াইয়ের হিসাব থাকবে ১-১ সমতায়। মুখোমুখি লড়াই ও মোট জয়ের হিসাবে সমতায় থাকায় বাইলজ অনুযায়ী নেট রানরেটের হিসাবে নির্ধারিত হবে শিরোপা, যেখানে অনেকটাই এগিয়ে আবাহনী।
তবে তত দিন অপেক্ষা করতে চান না আবাহনী অধিনায়ক তামিম ইকবাল, ‘কাল (আজ) জিততে পারলেই আমাদের সামনে আর কোনো হিসাব-নিকাশ থাকবে না। আমরাই চ্যাম্পিয়ন!’ আগের ম্যাচে আবাহনীর কাছে হেরে শিরোপার দৌড়ে খানিকটা পিছিয়ে পড়লেও রূপগঞ্জ অধিনায়ক মোশাররফ হোসেন অপেক্ষা করছেন শেষ মুহূর্তের জন্য, ‘আমরা এবং প্রাইম ব্যাংক কাল (আজ) জিতলে সমীকরণটা অন্য রকম হয়ে যাবে। ম্যাচে যদি ফল না আসে কিংবা টাই হয় অথবা আবাহনী হেরে যায়, সুযোগ থাকবে আমাদেরও।’ আবাহনী-রূপগঞ্জের তুলনায় একটু পিছিয়ে থাকলেও আশা হারাচ্ছেন না দোলেশ্বর কোচ মিজানুর রহমানও, ‘রানরেটে আবাহনী অনেক এগিয়ে। তবে বাকি দুটি ম্যাচ জিততে পারলে শিরোপা জেতার সুযোগ আমাদেরও থাকবে।’
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার টাই/পরি. পয়েন্ট নেট রান রেট
আবাহনী ১৪ ১০ ৪ ০/০ ২০ +০.৯২৫
রূপগঞ্জ ১৫ ৯ ৪ ১/১ ২০ +০.২৪৬
দোলেশ্বর ১৪ ৯ ৫ ০/০ ১৮ +০.৪০১
ভিক্টোরিয়া ১৫ ৮ ৬ ১/০ ১৭ +০.০০১
মোহামেডান ১৫ ৮ ৭ ০/০ ১৬ -০.২০৫
প্রাইম ব্যাংক ১৫ ৭ ৮ ০/০ ১৪ +০.১০৬