আজই ডালমিয়ার চেয়ারে মনোহর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) সভাপতি হিসেবে এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভায় অংশ নিলেও এবার আর তা করতে পারছেন না নারায়ণস্বামী শ্রীনিবাসন। আজ বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় আইসিসি চেয়ারম্যানের জায়গায় প্রতিনিধিত্ব করবেন টিএনসিএ সহসভাপতি পি এস রমণ। এই সভাতেই হয়তো বিসিসিআই সভাপতি হিসেবে প্রয়াত জগমোহন ডালমিয়ার উত্তরসূরি নির্বাচিত হচ্ছেন শশাঙ্ক মনোহর।
২০ সেপ্টেম্বর জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর আজকের বিশেষ সাধারণ সভায় শ্রীনির অনুপস্থিতিকে মনোহর-অনুরাগ ঠাকুর শিবিরের কাছে তাঁর শিবিরের পরাজয় হিসেবেই দেখা হচ্ছে। শ্রীনির অনুপস্থিতি সর্বসম্মতভাবে শশাঙ্ক মনোহরের নির্বাচিত হওয়ার পথ সুগম করেছে বলেই ধারণা। বিসিসিআই সভাপতি নির্বাচনের দৌড়ে শামিল হতে নিজেই নাকি আগ্রহী নন শ্রীনি। শ্রীনি শিবিরের একটি সূত্র জানিয়েছে, ‘২০১৭ পর্যন্ত এমনিতেই বিসিসিআইয়ের বাইরে থাকতে হবে তাঁকে। তাই সভাপতি যিনিই নির্বাচিত হোন না কেন তাতে তাঁর কিছু এসে যায় না। আপাতত সিমেন্ট ব্যবসা ও গলফ খেলা নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।’ ক্রিকইনফো।