
ব্যক্তিগত সমস্যা ছিল। কিন্তু সেটির চেয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন অ্যালিস্টার কুক। বাংলাদেশ সফরে আসার ব্যাপারে তাই ইসিবিকে সবুজসংকেত দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। মঈন আলী তো আগেই বলে দিয়েছেন, বাংলাদেশে আসতে কোনো সমস্যা নেই তাঁর। জনি বেয়ারস্টোও এখন পর্যন্ত ইতিবাচক, আগ্রহী ক্রিস জর্ডানও। তবে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগানের বাংলাদেশ সফর নিয়ে এখনো সংশয় কাটেনি। বরং সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমকে তিনি যা বলেছেন, তাতে মরগানের বাংলাদেশে না আসাটাই যেন নিশ্চিত মনে হচ্ছে।
তবে সিদ্ধান্ত যেটিই হোক, সেটি নিতে বেশি সময়ও তাঁর হাতে নেই। গতকাল ও আজ—এই দুই দিন বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত খেলোয়াড়দের নিয়ে লাফবরোর জাতীয় ক্রিকেট একাডেমিতে বৈঠকে বসার কথা ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসের। সেখানেই বাংলাদেশ সফরের ব্যাপারে খেলোয়াড়দের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন স্ট্রাউস। তার মানে, শেষ পর্যন্ত কারা বাংলাদেশ সফরে আসছেন, কারা আসছেন না—সেটি আজই পরিষ্কার হয়ে যেতে পারে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা করার কথা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য বাংলাদেশ সফর নিশ্চিত করেছে আগেই। তবে একই সঙ্গে এটাও বলে দিয়েছে, কোনো ক্রিকেটারকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে চাপাচাপি করা হবে না। তবে মরগান শুরু থেকেই বলে আসছিলেন, পাকিস্তান সিরিজের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ওল্ড ট্রাফোর্ডে গত বুধবার পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবস্থান কিছুটা পরিষ্কার করেছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক। তাতে সফর নিয়ে মরগানের শঙ্কাটাই প্রকাশ পেয়েছে বেশি করে, ‘আমি যেটা আগেও বলেছি, শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে সবাই চায় স্বস্তিতে থেকে ক্রিকেটে মন দিতে। কিন্তু এর আগেও মনোযোগে বিঘ্নিত হওয়ার মতো ঘটনা আমি দেখেছি। নিরাপত্তাসংক্রান্ত সমস্যা নিয়ে এমনটা এক বা দুবার ঘটেছে। যখনই এমন হয়েছে, নিজেকে বলেছি, ঝামেলার মধ্যে আর যাব না।’
সেই শঙ্কাটা কেমন, সেটির ব্যাখ্যায় দুটি ঘটনার কথা আলাদা করে বলেছেন মরগান। একটা অভিজ্ঞতা ভারতে, ২০১০ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়। অন্যটি বাংলাদেশে, ২০১৩ সালে, যখন গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিলেন মরগান। বাংলাদেশে তখন নির্বাচন-পূর্ববর্তী সময়, রাজনৈতিক পরিস্থিতি ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ।
বেঙ্গালুরুর হয়ে খেলার সময় মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে একটা ম্যাচ শুরুর আগে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দুটি বোমা বিস্ফোরিত হয়। গুরুতর কিছু হয়নি, দেরিতে হলেও ম্যাচটা শেষ পর্যন্ত হয়েছিল। কিন্তু পরের ম্যাচগুলো বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হয়। এই দুটি অভিজ্ঞতাই মরগানের মনে গভীরভাবে দাগ কেটেছে, ‘২০১০ সালে আইপিএলের ম্যাচ খেলছিলাম বেঙ্গালুরুতে, মাঠের বাইরে বোমা বিস্ফোরণ হয়। আমরা খুব দ্রুতই মাঠ ছেড়ে সরাসরি চলে যাই বিমানবন্দরে। আরেকটি ঘটনা বাংলাদেশে। খেলতে গিয়েছিলাম ঘরোয়া ক্রিকেটে, সে সময় রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ দেখেছি।’
এ জন্যই মরগানের দ্বিধা যাচ্ছে না, ‘আমি আগেও এমন জায়গায় গিয়েছি, যেখানে নিরাপত্তা নিয়ে সমস্যা হয়েছে। তখন আমি নিজেকে বলেছিলাম, আমি আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে চাইব না। আন্তর্জাতিক ক্রিকেট বা যেকোনো ক্রিকেট মানে তো অন্য কিছু নিয়ে দুশ্চিন্তা নয়। এটা হওয়া উচিত আপনার জীবনের সেরা সময়। আপনি চাইবেন মনোযোগটা পুরোপুরি এখানেই দিতে, উপভোগ করতে।’
মরগানের সিদ্ধান্তটা ইসিবির কাছেও খুব গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া যায়। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের বিবর্তন ও একঘেয়ে একটা দল থেকে বিনোদনদায়ী দল হয়ে ওঠা মরগানের নেতৃত্বেই। হঠাৎই সেই ধারাবাহিকতায় ছেদ পড়তে দিতে চায় না ইসিবি। অ্যান্ড্রু স্ট্রাউসও তাই কয়েক দিন আগে বলেছেন, বাংলাদেশ সফরে টেস্ট-ওয়ানডে দুই সংস্করণেই নিয়মিত অধিনায়ককে পেতে চান তাঁরা।
শুধু বাংলাদেশ সফরের ব্যাপার হলে অবশ্য এ নিয়ে এত কথা হতো বলে মনে হয় না। বাংলাদেশ সফর শেষে নভেম্বর থেকেই শুরু হবে ইংল্যান্ডের দীর্ঘ ভারত সফর। যেখানে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। স্ট্রাউস তাই সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো ক্রিকেটার সফরে না গেলে ভবিষ্যতে দলে জায়গা নিয়ে অনিশ্চয়তায় পড়তে হতে পারে তাঁকে। ইংলিশ ক্রিকেটারদের কাছে বাংলাদেশ সফরটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণেও। এএফপি, ক্রিকইনফো।