আজই ফিরছেন তামিম
অস্ট্রেলিয়ান সময় আজ সকাল ১০টায় বিমানে উঠে ঢাকায় পৌঁছেও যাবেন আজ রাতেই। গত ২৯ ডিসেম্বর মেলবোর্নের অ্যাভিনিউ হাসপাতালে তামিম ইকবালের ডান হাঁটুতে অস্ত্রোপচার করেন ডা. ডেভিড ইয়াং। এরপর এই কয়েক দিন সেখানেই চলেছে তাঁর পুনর্বাসন-প্রক্রিয়া।
ঢাকায় ফেরার আগে তামিম কাল আরও একবার ডেভিড ইয়াংয়ের সঙ্গে দেখা করেছেন, শুনেছেন সুসংবাদও। মেলবোর্ন থেকে মুঠোফোনে তামিমই জানালেন, ‘যে রকম উন্নতি হচ্ছে, ইয়াং খুবই আশাবাদী যে বিশ্বকাপ খেলতে আমার কোনো সমস্যা হবে না। তবে আমি যখন পুরোপুরি দৌড়ানো শুরু করব, তখনই বোঝা যাবে পা কীভাবে সাড়া দেয়।’
অস্ট্রেলিয়ায় পুনর্বাসনকাজের সিংহভাগজুড়ে ছিল ফিজিওথেরাপি। একদিন অবশ্য ট্রেডমিলে দৌড়েছেনও। তবে সেটা কৃত্রিমভাবে শরীরটাকে ঝুলিয়ে রেখে, ট্রেডমিলে শরীরের অর্ধেক ভর দিয়ে। তামিমের ভাষায়, ‘এটা বিশেষ ধরনের একটা ট্রেডমিল। দৌড়ানোর সময় মনে হচ্ছিল, আমি বাতাসের মধ্যে দৌড়াচ্ছি।’
ঢাকায় ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়াটা কী রকম হবে, সেটা ঠিক করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকেই। সেটিও জানা গেল তামিমের কাছ থেকে, ‘আগামী শনি বা রোববার আমি জগিং-নকিং শুরু করব। ব্যাট হাতে প্রথম দুই-তিন দিন শুধু নক করব। এরপর আস্তে আস্তে স্পিন, মিডিয়াম পেস, পেস বল খেলব। পুরোপুরি নেট করব ২৩ জানুয়ারি থেকে।’ সেটা হলেও হয়তো হবে বিশেষ ব্যবস্থায়। কারণ অনুশীলন সূচি অনুযায়ী সেদিন বিশ্রাম নেওয়ার কথা ক্রিকেটারদের। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে এর পরদিনই।
দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনটা ইনজেকশনের যে কোর্স শুরু করেছিলেন, তার দ্বিতীয়টি কাল নিয়েছেন তামিম। শেষটি নিতে হবে ২৭ জানুয়ারি। সে জন্য দলের সঙ্গে প্রথমে ব্রিসবেন গেলেও ২৬ তারিখ আবারও তাঁকে যেতে হবে মেলবোর্নে। সেদিন তামিমের অবস্থা আরও একবার পর্যবেক্ষণ করে দেখবেন ইয়াং।