আজই বোর্ড সভায় নেতৃত্বভাগ!
বিসিবি সভাপতি কিছুদিন ধরে যা বলে আসছেন, তাতে কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি থাকে। সেই ঘোষণা আসতে পারে আজ বিসিবির সভা শেষে। বাংলাদেশের ক্রিকেটে শুরু হচ্ছে দুই অধিনায়কের যুগ। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের রঙিন পোশাকের অধিনায়ক হতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। আগের মেয়াদে যাঁকে ডেপুটি হিসেবে পেয়েছিলেন মাশরাফি, সেই সাকিব আল হাসান আবার হতে যাচ্ছেন সহ-অধিনায়ক।
গত বৃহস্পতিবার এশিয়ান গেমস খেলতে যাওয়া ক্রিকেট দলের অফিশিয়াল ফটোসেশন শেষে বিসিবি-প্রধান নাজমুল হাসান একরকম নিশ্চিতই করে দেন দুই অধিনায়কের ভাবনা। কাল গুলশান ইয়ুথ ক্লাব একাডেমি টি-টোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়েও বোর্ডপ্রধান বললেন একই কথা, ‘আমার মতে, মুশফিক এখন আমাদের সেরা ব্যাটসম্যান। ওকে আবার উইকেটকিপিং করতে হয়, অধিনায়কত্বও করতে হয়। এটা অনেক বড় ভার। এ জন্যই মনে করি যে মুশফিককে কিছু ব্যাপারে ছাড় দেওয়া উচিত। তার জন্য ভালো হবে, আমাদের ক্রিকেটের জন্যও ভালো হবে।’
শুধু অধিনায়কত্ব ভাগাভাগিই নয়, বিসিবি-প্রধানের ভাবনায় ছিল তিন সংস্করণে তিনটি ভিন্ন দল। কিন্তু মানসম্পন্ন ক্রিকেটার যথেষ্ট নেই বলেই আপাতত ভাগাভাগি হচ্ছে নেতৃত্ব, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনটি ফরম্যাটের জন্য তিনটি দল হওয়া দরকার। যে ছেলেগুলো টেস্ট খেলছে, ওরাই ওয়ানডে খেলছে, আবার টি-টোয়েন্টি খেলছে। তামিম-বিজয়রা টি-টোয়েন্টিতে একটা বল ব্লক করলে বলি ওরা মারছে না কেন! আবার টেস্টে শট খেললে বলি এত মারছে কেন? এখন তো আসলে খেলা আগের মতো নেই। অনেক খেলা হয়। এত দ্রুত মাইন্ড সেট পরিবর্তন হয় যে সেই পরিণতিবোধ আসেনি আমাদের অনেক ক্রিকেটারের। এ জন্যই আলাদা দল দরকার। সমস্যা হলো এত ক্রিকেটার তো আমাদের নেই! আপাতত তাই আলাদা অধিনায়ক করছি।’
চোটপ্রবণ শরীরের কথা ভেবে মাশরাফিকে আপাতত জিম্বাবুয়ে সিরিজের জন্যই অধিনায়ক করা হবে হয়তো। দীর্ঘমেয়াদি ভাবনায় সাকিব আছেন বলেই তাঁকে করা হচ্ছে সহ-অধিনায়ক। বিশ্বকাপ পর্যন্ত আর খুব বড় কোনো পরিবর্তন চান না বোর্ডপ্রধান, ‘বিশ্বকাপের পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাংলাদেশ দলকে সাজানো হবে।’ সেই নতুন বাংলাদেশের ভাবনাতেই উঠে এসেছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স পর্যালোচনাও করা হবে আজকের সভায়। আলোচনা হবে জাতীয় দলের একজন স্থায়ী ম্যানেজার নিয়োগ নিয়েও, ‘এমনিতে ম্যানেজার হিসেবে সাধারণত সাবেক ক্রিকেটাররা প্রাধান্য পায়। এখন সাবেক সেনা কর্মকর্তার কথাও এসেছে। সেটাও আলোচনা হবে। শৃঙ্খলা নিশ্চিত করার জন্যই এটা ভাবা হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনেই নিয়োগ দেওয়া হবে।’