আজও কি তামিম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটের দিকে তাকিয়ে আছেন তামিম ইকবাল। আজও এই ব্যাটের দিকে তাকিয়ে থাকবে পুরো দেশ l শামসুল হক
ব্যাটের দিকে তাকিয়ে আছেন তামিম ইকবাল। আজও এই ব্যাটের দিকে তাকিয়ে থাকবে পুরো দেশ l শামসুল হক

প্রশ্নটা শুনেই গুটিয়ে গেলেন তামিম ইকবাল, ‘না, না এই নিয়ে কোনো কথা না, প্লিজ...। এখন এসব নিয়ে আলোচনা করতে চাই না।’
তৃতীয় ম্যাচেও কি আরেকটা সেঞ্চুরি? এই প্রশ্নের উত্তর যে তামিমের পক্ষেও আগে থেকে দেওয়া সম্ভব নয়, সেটা জানা ছিল। তার পরও তাঁকে একটু বাজিয়ে দেখতেই ওই জিজ্ঞাসা। টানা তিন সেঞ্চুরি করার স্বপ্ন নিশ্চয়ই গোপনে হলেও উঁকি দিচ্ছে মনে। তা ছাড়া এমন তো নয় যে, ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি আগে কেউ করেননি। এই কীর্তি আছে সাতজনের। গত বিশ্বকাপে তো কুমার সাঙ্গাকারা টানা চারটি সেঞ্চুরি করার কীর্তিও গড়ে ফেললেন! তাহলে তামিম পারবেন না কেন?
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ১৩২ ও অপরাজিত ১১৬। স্বপ্নের কথাটা মুখে না আনলেও আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তামিমও আছেন সাঙ্গাকারা-সাঈদ আনোয়ার-কুইন্টন ডি ককদের তালিকায় নাম ওঠানোর অপেক্ষায়। তামিম যদিও কাল বলছিলেন, ‘আমি জানি না, কার কার টানা তিন সেঞ্চুরি আছে। জানার চেষ্টা করিনি, জানার ইচ্ছাও নেই। আমি একদমই ওটা নিয়ে ভাবছি না।’
বাংলাদেশের হয়ে এর আগে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি ছিল শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহর। পরের ম্যাচে ৬৭ রানে আউট হয়ে গিয়ে টানা তিন সেঞ্চুরির দেখা পাননি শাহরিয়ার। আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপে টানা তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনার ম্যাচে মাহমুদউল্লাহ করেন ২১। মিরপুরে আজ তামিম কি পারবেন ব্যতিক্রম হতে? সমালোচনার যে কড়া জবাব ব্যাট হাতে দিচ্ছেন, সেটা আরও বেশি ধারালো হয় আজ আরেকটি সেঞ্চুরি পেলে। যদিও কথাটা যত সহজে বলা গেল, কাজটা করা ততই কঠিন।
পর পর তিন সেঞ্চুরি করার ‘প্রলোভন’ অবশ্য তামিমকে খুব বেশি টানছে বলে মনে হচ্ছে না। অন্তত তাঁর মুখের কথা তাই বলে, ‘সিরিজে আর একটাই ম্যাচ আছে। তবে আমি এটাকে সিরিজের প্রথম ম্যাচ ধরেই খেলতে চাচ্ছি। সবচেয়ে বড় কথা, খেলাটা উপভোগ করতে চাই।’
সেটা তামিম তখনই পারবেন, যখন ব্যাটে আবারও খুঁজে পাবেন রানের ফোয়ারা। চার-ছক্কায় উল্লাসের ঢেউ তুলতে পারবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে আপাতত এসব কোনো কল্পনাই ফুটিয়ে তুলতে চাচ্ছেন না স্বপ্নের ক্যানভাসে। তাঁর সেই এক কথা, ‘কোনো লক্ষ্য ঠিক করে চাপ নিতে চাচ্ছি না। ভালো খেলার চেষ্টা করব। এরপর যা হবার হবে।’
তামিমের ওপর বাড়তি প্রত্যাশার চাপ তুলে দিতে চান না মাশরাফি বিন মুর্তজাও। মাত্র তিন ম্যাচে রান না পেয়েই অনাকাঙ্ক্ষিতভাবে সমালোচনার তিরবিদ্ধ হয়েছেন। ব্যক্তিগত আক্রমণে হয়েছেন মনঃক্ষুণ্ন। তবে পাকিস্তানের বিপক্ষে দুই সেঞ্চুরি বাংলাদেশ ড্রেসিংরুমে আবারও ফিরিয়ে এনেছে নির্ভার তামিমকে। সিরিজের শেষ ম্যাচেও এই তামিমকেই চান অধিনায়ক, ‘স্বাভাবিকভাবেই ও এখন অনেক রিলাক্সড। পর পর দুটি সেঞ্চুরির পর এ রকমই হওয়ার কথা। তবে আমি চাই সেঞ্চুরির কথা মাথায় না রেখে তামিম ওর খেলাটা খেলুক।’
২০০৬ সালে শাহরিয়ার নাফীসও তাই করেছিলেন। ভারতের জয়পুরে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে অপরাজিত ১২৩ রান করলেন জিম্বাবুয়ের বিপক্ষে। পরের মাসে সেই জিম্বাবুয়েকেই আবার পেলেন খুলনায়। এবার অপরাজিত ১০৫। বগুড়ায় পরের ম্যাচে ৬৭ রানে আউট হয়ে যাওয়ায় টানা তিন সেঞ্চুরি না পাওয়ার আফসোস থাকতে পারে। তবে কাল মুঠোফোনে শাহরিয়ার বললেন অন্য কথাই, ‘এমন না যে আমার ওই ম্যাচেও সেঞ্চুরি করার লক্ষ্য ছিল। টার্গেট করে আসলে সেঞ্চুরি করা যায় না। আমি ওই চাপটা নেইওনি। আমি চেয়েছিলাম ইনিংসটা যত বড় করা যায়। কারণ, ওই ম্যাচে জেতাটা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’
তামিম ইকবালের কথা শুনে মনে হলো, তিনিও একই রকম ভাবছেন। তাঁকে নিয়ে এত আলোচনা-সমালোচনাকে কবর দেওয়ার কাজটা করা হয়ে গেছে। ‘আজও কি তামিম ব্যর্থ হবেন’ প্রশ্নটা বদলে গিয়ে সেটি এখন ‘আজও কি তামিম সেঞ্চুরি পাবেন?’ সিরিজ শুরুর আগে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কথা নিজেও ভেবেছিলেন বলে মনে হয় না। সেটি হয়েছে, তিনে তিনও হয়ে যেতেই পারে!