দেশের ক্রীড়া সাংবাদিকেরা ‘দ্বিধাবিভক্ত’। তাঁরা আজ কোথায় যাবেন? বিকেএসপি, নাকি ফতুল্লায়?
সুপার লিগের খেলা আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও একটা আছে। কিন্তু প্রাইম দোলেশ্বর বনাম প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের ম্যাচটা কাউকেই তত টানছে না, যতটা টানছে ফতুল্লা স্টেডিয়াম আর বিকেএসপির ম্যাচ দুটি।
বিকেএসপিতে আবাহনী-মোহামেডান ম্যাচ। হারিয়ে যাওয়া প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ যদি ফিরে আসে আবার? একসময়ের মর্যাদার লড়াই ক্রিকেটে এখন ‘সহোদরে’র খেলায় পরিণত হলেও এবারের লিগে আবাহনীর ম্যাচ মানেই বিতর্ক। ‘তামিম-কাণ্ড’ আর আম্পায়ারদের কারণে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে বিকেএসপিতে তাদের আগের ম্যাচটা শেষ হতে পারেনি। আবাহনী-মোহামেডান ম্যাচে সে রকম কিছু হলে সেটা আরও বড় খবর নয়?
অন্য দিন হলে সাংবাদিকদের বহর নিশ্চিত বিকেএসপিমুখীই হতো। কিন্তু সবাইকে সিদ্ধান্তহীনতায় ফেলে দিয়েছে ফতুল্লার লিজেন্ডস অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়ার ম্যাচটি। ১৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা ভিক্টোরিয়ার সামনে সুযোগ আরও এগিয়ে যাওয়ার। ১৬ পয়েন্ট নিয়ে ঠিক তাদের পরেই থাকা রূপগঞ্জের সামনে হাতছানি এককভাবে শীর্ষে যাওয়ার। মাঠের কাণ্ড-কীর্তি বড় দলের মতো না হলেও নামের ভারে হয়তো এখনো আবাহনী-মোহামেডানই কিছুটা ভারী রয়ে গেছে। কিন্তু পয়েন্ট টেবিলের ‘ভারী’ দল দুটো যে ভিক্টোরিয়া আর রূপগঞ্জই!
ভিক্টোরিয়ার হয়ে ‘বড় দলে’র পারফরম্যান্স অবশ্য শুধু খেলোয়াড়েরাই দেখাচ্ছেন। ক্লাব কর্মকর্তাদের আচরণ মোটেও বড় মনের পরিচয় বহন করছে না। যাঁরা মাথার ঘাম পায়ে ফেলে দলটাকে পয়েন্ট তালিকার শীর্ষে রেখেছেন, ক্লাব কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেই খেলোয়াড়দের প্রতিশ্রুত টাকাটাই দেয়নি!
বিসিবির সূচি অনুযায়ী সব দলকেই চুক্তি স্বাক্ষরের আগে ৩০ শতাংশ, প্রথম পর্ব শেষে ৩০ শতাংশ এবং লিগ শেষ হওয়ার দেড় মাসের মধ্যে খেলোয়াড়দের বাকি ৪০ শতাংশ টাকা দিয়ে দেওয়ার কথা। কিন্তু বিসিবিকে ক্লাবগুলো কবে পাত্তা দিয়েছে? এবারও বেশির ভাগ ক্লাবই এখনো ‘খেলাপি’ হয়ে আছে এবং বিসিবি যথারীতি সেসব দেখেও না দেখার ভান করে চলেছে।
দু-একজন খেলোয়াড়কে ২০ শতাংশ টাকা দিলেও ভিক্টোরিয়া অধিকাংশ ক্রিকেটারকে দিয়েছে আরও কম। খেলোয়াড়েরা কাল অনুশীলন শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে বিষয়টা জানাতে চেয়েছিলেন। কাল রাতের মধ্যে টাকা না পেলে আজ কেউ খেলবেন না, এমন আন্দোলনমুখী চিন্তাও ছিল দলের ভেতর। কিন্তু আজ সকালের মধ্যে বকেয়া দিয়ে দেবেন, ক্লাব সভাপতি নেছারউদ্দিনের এমন আশ্বাসে আন্দোলন দানা বাঁধেনি।
এদিক দিয়ে ভিক্টোরিয়াকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে রূপগঞ্জ। প্রথম ৩০ শতাংশ টাকা আগেই দিয়ে দিয়েছিল তারা। কাল সব খেলোয়াড়ের দ্বিতীয় কিস্তির টাকাও শোধ করে দিয়েছে।
আবাহনী-মোহামেডান ম্যাচে একসময় অর্থের চেয়ে স্নায়ু আর মর্যাদার লড়াই-ই বেশি ছিল। এখন সেটার যেটুকুই অবশিষ্ট আছে, তা শুধু সমর্থকদের মনে। তারপরও প্রাইম দোলেশ্বরের বিপক্ষে অসমাপ্ত ম্যাচটি বাদ দিয়ে টানা চার ম্যাচ জেতা আবাহনী আজ কোনোভাবেই হারতে চাইবে না। সমান ১৪ পয়েন্ট পাওয়া মোহামেডানও চাইবে আবাহনীকে ছাড়িয়ে যেতে। আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের কথায়ও সেই লড়াইয়ের মেজাজ, ‘চ্যাম্পিয়নশিপ রেসে টিকে থাকতে হলে দুই দলেরই জয়ের বিকল্প নেই। আমরা চেষ্টা করব শেষ চার-পাঁচটা ম্যাচ যেভাবে খেলেছি সেভাবে খেলতে।’
এবারের লিগে আবাহনীর ‘হোম গ্রাউন্ড’ই হয়ে গেছে বিকেএসপি। প্রথম পর্বের ১১ ম্যাচের পাঁচটির পর সুপার লিগে আজ টানা দ্বিতীয় ম্যাচ খেলবে তারা এই মাঠে। সব মিলিয়ে বিকেএসপিতে এটি হবে তাদের টানা ষষ্ঠ ম্যাচ। গুরুত্ব বিবেচনা করে সিসিডিএমের কাছে আজকের ম্যাচটি মিরপুরে দেওয়ার আবেদন করেছিল মোহামেডান। কিন্তু আবাহনীর কর্মকর্তাদের ভারে ভারী বোর্ডের অংশ সিসিডিএমের সে সিদ্ধান্ত নেওয়ার মেরুদণ্ড থাকলে তো!
মোহামেডানের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের অবশ্য বিশ্বাস, আবাহনী-মোহামেডান ম্যাচে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটবে না, ‘তিন-চার বছর ধরে মোহামেডান-আবাহনী ম্যাচে সে রকম কিছু হয়নি। আমার মনে হয় না আম্পায়ারিং নিয়েও কিছু হবে। কারণ, মোহামেডানও বড় দল।’
আজকের খেলা
প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক
সকাল ৯টা, মিরপুর
ভিক্টোরিয়া–রূপগঞ্জ
সকাল ৯টা, ফতুল্লা
মোহামেডান–আবাহনী
৯টা, বিকেএসপি