
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজকের ম্যাচটা দুর্দান্তই হবে। সেমিফাইনালে ওঠাটা দুই দলেরই প্রাপ্য ছিল। দুই দলই খুব ভালো এবং সুশৃঙ্খল ক্রিকেট খেলেছে বিশ্বকাপে। কাজেই আজ কে জিতবে, সেটা অনুমান করা একটু কঠিনই। হতে পারে অস্ট্রেলিয়া...বিশ্বের ১ নম্বর তারা, পাবে নিজেদের মাঠে খেলার সুবিধাও। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ভারতও এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
এই ম্যাচের কন্ডিশনও আমাকে কৌতূহলী রাখবে। সিডনিতে আমাদের কোয়ার্টার ফাইনালে পিচ থেকে ফাস্ট বোলাররা কিছু সুবিধা পেয়েছে এবং সেটা দারুণভাবে কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকানরা। তবে আজ সিডনিতে একটা ব্যাটিং উইকেটই হয়তো দেখব আমরা।
দুই দলের প্রায় সব বিভাগেই ভালো মিল আছে। দুই দলের টপ অর্ডার ব্যাটসম্যানরাই বিস্ফোরক ব্যাটিং করে। ফর্মে থাকা ব্যাটসম্যান আছে ব্যাটিং অর্ডারের পরের দিকেও। বোলিংয়ের কথা বললে ভারতের ফাস্ট বোলাররা এখন পর্যন্ত খুব ভালো করেছে। তবে মিচেল জনসন, মিচেল স্টার্ক আর জেমস ফকনারের সমন্বয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস আক্রমণই বোধ হয় এগিয়ে থাকবে। তবে স্পিনে ভারত পরিষ্কার এগিয়ে এবং এই ম্যাচে স্পিন গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।
আশা করি, আজও প্রথম সেমিফাইনালের মতোই একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। পাওয়া যাবে বারুদপোড়া গন্ধ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের চমক জাগানো জয় দেখার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত এবং এর সব কৃতিত্বই ব্ল্যাক ক্যাপদের প্রাপ্য। অনেক বড় রান তাড়া করতে গিয়েও তারা স্নায়ুটাকে ঠিক রাখতে পেরেছে। আমি বলব এবারও পার্থক্যটা গড়ে দিয়েছে ব্রেন্ডন ম্যাককালাম। ওপেনিংয়ে আবারও একটা ঝোড়ো শুরু এনে দিয়েছিল সে।
বিশ্বকাপে আরও একটা নকআউট ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা নিশ্চয়ই দারুণ হতাশ। তাদের ভাগ্যটাই আসলে খারাপ। আমার মনে হয় বৃষ্টিটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এবি ডি ভিলিয়ার্সদের জন্য। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারলে সে হয়তো আরও ঝড় তুলত।
তার পরও নিউজিল্যান্ডকে অভিনন্দন—এত রান তাড়া করে জেতা আসলেই কঠিন। গত কয়েক মাসে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। তখনই বুঝেছি কতটা শক্তিশালী দলে পরিণত হয়েছে তারা। সাফল্য তাদের প্রাপ্য। বিধ্বংসী ব্যাটিং, ক্ষুরধার পেস বোলিং, বিশ্বমানের স্পিন এবং দক্ষ ফিল্ডিংয়ের সঙ্গে দলটা পেয়েছে নিজেদের দর্শকদের সমর্থনও। এ পর্যন্ত এককথায় দারুণ কাটল নিউজিল্যান্ডের বিশ্বকাপ।
আজ ভারত যদি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারিয়েই দেয়, ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তারা। তবে আপাতত সেমিফাইনালের দিকেই মনোযোগ দেওয়া উচিত ভারতীয় খেলোয়াড়দের। আশা করছি, আরও একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই হবে এসসিজিতে। (গেমপ্ল্যান)