আজও মাশরাফিদের পিছু নেবে বৃষ্টি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় শিষ্যদের নিয়ে কাজ করছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ছবি: বিসিবি
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় শিষ্যদের নিয়ে কাজ করছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ছবি: বিসিবি

ডাবলিনে বাংলাদেশকে যেন পিছু ছাড়ছে না বৃষ্টি। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটা হতে দেয়নি বৃষ্টি। ম্যাচের আয়ু ছিল ৩১.১ ওভার। পরশুও বৃষ্টির দাপট ছিল এতটাই, মাঠে অনুশীলন করতে পারেননি মাশরাফিরা। জিম-টিম করে সময়টা কাজে লাগিয়েছেন তাঁরা। কালও আকাশে ছিল কালো মেঘের আনাগোনা। আজও কি মাশরাফিদের পিছু নেবে বৃষ্টি? 

বিবিসির পূর্বাভাস বলছে, আজ ডাবলিনের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে ক্রিকইনফো জানিয়েছে, ডাবলিনে বৃষ্টির সম্ভাবনা আছে, তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস। টস জেতাটা তাই গুরুত্বপূর্ণ। সিরিজের দ্বিতীয় ম্যাচেও হালকা বৃষ্টি ছিল। তবে ম্যাচে তা তেমন বিঘ্ন ঘটাতে পারেনি।
বাতাস, বৃষ্টি, কনকনে ঠান্ডা আর সবুজ উইকেট—আয়ারল্যান্ডে কন্ডিশন বড় পরীক্ষায় নিচ্ছে বাংলাদেশকে। তবে মাশরাফি বিন মুর্তজা আশাবাদী, বিরুদ্ধ এই কন্ডিশনে মানিয়ে নিতে পারবেন তাঁরা, ‘আমরা এখানে যে কদিন অনুশীলন করেছি বা খেলেছি, আবহাওয়ার ঠিক নেই। হঠাৎ করে একটু বাতাস হয়, বৃষ্টি হয়। আবার কখনো রোদ ওঠে। এই কন্ডিশনে আমাদের এভাবে মানিয়ে নিতে হবে। তবে এখানে এখনো তিনটা ম্যাচ বাকি। সবাই মানসিকভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
চ্যাম্পিয়নস ট্রফিতেও কি একই কন্ডিশন থাকবে? মাশরাফি তা মনে করেন না। আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। তবে আয়ারল্যান্ডের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে উইকেট একই থাকবে না বলেই ধারণা বাংলাদেশ অধিনায়কের। দর্শক টানতে আইসিসির টুর্নামেন্টে এখন রানে ভরা উইকেটই দেখা যায়। আইসিসির টুর্নামেন্টগুলোতে উইকেট বানানোর দায়িত্ব আইসিসি নেয় সাধারণত। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপের উইকেটও ছিল ব্যাটিং–সহায়ক।
চ্যাম্পিয়নস ট্রফির ভাবনা পরে, আগে বাংলাদেশকে তো ভালো করতে হবে ত্রিদেশীয় সিরিজের এই পরীক্ষায়।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ ঢুকে পড়ছে ইতিহাসের পাতায়। এই প্রথম আইসিসির দুই পূর্ণ সদস্য খেলতে যাচ্ছে আয়ারল্যান্ডের এই মাঠে। যদিও এ মাঠে এর আগে একটি ম্যাচ খেলার স্মৃতি আছে বাংলাদেশের। সেটা ১৯৯৯-এর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ মাঠে খেলতে গিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে সেই স্মৃতিটা ভাগ করতে পারেন কোর্টনি ওয়ালশ। ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেদিন বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিলেন তিনিই!