আজকের কোহলির পেছনে টেন্ডুলকার ও শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচিন টেন্ডুলকার ও রবি শাস্ত্রীর কোচিংয়ে বিরাট কোহলির ব্যাটিংয়ে আমূল পরিবর্তন এসেছে। ছবি: এএফপি
শচিন টেন্ডুলকার ও রবি শাস্ত্রীর কোচিংয়ে বিরাট কোহলির ব্যাটিংয়ে আমূল পরিবর্তন এসেছে। ছবি: এএফপি

২০১৪ সালে ইংল্যান্ড সফর মনে রাখতে চাইবেন না বিরাট কোহলি। ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন আউট সুইং দিয়ে কোহলিকে বলে কয়ে আউট করেছেন সেই সিরিজে। ১০ ইনিংস খেলে কোহলি কোন ফিফটির দেখা পাননি।

কিন্তু বড় ক্রিকেটার বলে কথা। ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি ভারতীয় অধিনায়ক। একই বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চার চারটি সেঞ্চুরি হাঁকান তিনি। এরপর টেস্টে কোহলিকে আর পেছনে তাকাতে হয়নি।

কিন্তু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের মাঝে কী এমন বদল হলো কোহলির ব্যাটিং? ইংলিশ কন্ডিশনে আউট সুইংয়ের বিপক্ষে কোহলির মাথা হেলে পড়ত। সামনে পা থাকত কাভার অঞ্চলে। স্টান্স ছিল অনেকটা সাইড ওয়েজ। দ্বিতীয় স্লিপ থেকে ব্যাট সোজা পথে না নেমে নামতো অনেকটা বেঁকে। যে কারণে সুইংয়ের বিপক্ষে লেগ বিফোর, স্লিপ ক্যাচে যেতে নিয়মিত।

সমস্যা সমাধানে এগিয়ে আসেন নিখুঁত ব্যাটিং কৌশলের শেষ কথা শচিন টেন্ডুলকার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেন্ডুলকারের সঙ্গে ব্যাটিং কৌশল নিয়ে কাজ করেন কোহলি। সম্প্রতি কোহলি নিজেই বলেছিলেন, ‘২০১৪ আমার জন্য অনেক বড় মাইলফলক। অনেকেই ভালো সফরকে মাইলফলক হিসেবে দেখেন। আমি ২০১৪ ইংল্যান্ড সফরকে মাইলফলক মনে করি। আমি ইংল্যান্ড থেকে এসেই শচিন পাজির সঙ্গে দেখা করি। বেশ কয়েকটি সেশন হয় আমাদের। উনি আমার কোমরের অবস্থান আর পেসারদের বিপক্ষে পা অনেকটা সামনে নিয়ে খেলার ব্যাপারে কাজ করেন। এরপর সব যেন জায়গা মতো বসে গেল আর আমি অস্ট্রেলিয়ায় গিয়ে ভালো খেলা শুরু করলাম।’

স্টান্স বদলে ফেলে নিজের ব্যাটিংয়ে আমূল পরিবর্তন দেখতে পান। সাইড ওয়েজ থেকে ওপেন স্টান্স নিয়ে ব্যাটিং করে শট খেলার সুযোগ বাড়ে কোহলির। তবু সুইংয়ে পরাস্ত হওয়ার ভয় থেকেই যায়। এখানেই নাকি কোচ রবি শাস্ত্রীর সাহায্য কাজে লাগে কোহলির। কোহলিকে তিনি ক্রিজের কিছুটা বাইরে দাঁড়িয়ে ব্যাটিং করার পরামর্শ দেন। এতে পেসারের লেংথ এলোমেলো হবে। সুইংও খানিকটা পাশ কাটানো যাবে। সঙ্গে বোলারের বিপক্ষেও আগ্রাসী শরীরী ভাষা দেখানো যাবে।

কোহলি বলছিলেন, ‘তিনি আমাকে ক্রিজের বাইরে দাঁড়াতে বলেছিলেন। এর পেছনে মানসিকতাটাও বুঝিয়েছেন, ‘তোমার জায়গায় তোমার নিয়ন্ত্রণ থাকা উচিত। তুমি খেলতে এলে যেন কেউ বুঝতে না পারে তুমি সুযোগ দিতে এসেছ। এরপর আমি অনুশীলন করা শুরু করি। ফলও পাওয়া শুরু করি।’সাবেক কোচ ডানকান ফ্লেচারকেও ব্যাটিংয়ে পরিবর্তন আনার পেছনে কৃতিত্ব দিয়েছেন ভারতীয় অধিনায়ক।