আজকের ম্যাচ হবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্টোরিয়ার কামরুল ইসলাম রাব্বী খবরটি জেনেছেন ফেসবুক থেকে। প্রাইম দোলেশ্বরের রনি তালুকদার ও আবাহনীর লিটন দাস তো কাল সন্ধ্যা পর্যন্ত জানতেনই না, ঢাকা প্রিমিয়ার লিগে পরদিনের ম্যাচ স্থগিত করা হয়েছে! দুজনই জানতে চাইলেন, কী কারণে ঢাকা লিগের আজকের ম্যাচ তিনটি হচ্ছে না।
বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘অনিবার্য কারণে’ প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন এসেছে। কারণটি যে হরতাল, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আবাহনী-লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক-ব্রাদার্স, প্রাইম দোলেশ্বর-ভিক্টোরিয়া ম্যাচ তিনটি হবে আগামীকাল। আগের সূচি অনুযায়ীই মিরপুর, বিকেএসপি ও ফতুল্লায়।
কাল দুপুর পর্যন্ত হরতালের মধ্যেও ম্যাচ আয়োজনের চিন্তা ছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত সরে আসতে হয় সেই চিন্তা থেকে।
যেহেতু ম্যাচ চলে গেছে পূর্বনির্ধারিত রিজার্ভ ডেতে (সোমবার), বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে কী হবে? সূচিতে পঞ্চম রাউন্ডের অন্য ৩টি ম্যাচ আছে মঙ্গলবারে। সিসিডিএমের সদস্যসচিব রাকিব হায়দারের ব্যাখ্যা, ‘৯ তারিখের ম্যাচের রিজার্ভ ডে বিবেচিত হবে ১০ তারিখে। নির্ধারিত দিনে বৃষ্টির কারণে ম্যাচ শেষ না হলে সেটি চলে যাবে পরের দিন।’
এদিকে আবাহনীতে খেলতে কাল ঢাকায় এসেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান মানবিন্দর বিসলা। ১২ মে মোহামেডানের সঙ্গে মহারণের আগে আবাহনী দলে যোগ দেওয়ার কথা ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারিরও।