আজমল নেই, রাজা আছেন!
২০০৯ সালের মে মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক সাঈদ আজমলের। সেই থেকে ৬৬টি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান, ৬৩টিতেই ছিলেন আজমল। উইকেট নিয়েছেন ৮৫টি, যা টি-টোয়েন্টির রেকর্ড। ওভারপ্রতি রান দিয়েছেন সাড়ে ছয়েরও কম। বিস্ময়ের তাই কিছু নেই, নিষিদ্ধ আজমলকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নামার আগে অধিনায়ক শহীদ আফ্রিদি বলছেন, ‘সবাই জানে আজমল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমরা ওকে মিস করব।’
তবে যাঁকে পাওয়া যাচ্ছে না, তাকে নিয়ে আক্ষেপে পুড়লে তো আর দল চলে না। বিকল্প সন্ধান চলছে। আপাতত পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের বাজি রাজা হাসান। মেরুদণ্ডের চোট কাটিয়ে দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রাজা। ২০১২ সালে ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে নজর কেড়েছিলেন মিতব্যয়ী বোলিংয়ে (ওভারপ্রতি ৫.৯২)। ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের ওপর অগাধ আস্থা আফ্রিদির, ‘বোলিং আক্রমণের কথা বললে আজমলের অভাব অবশ্যই অনুভূত হবে। তবে রাজা হাসানের প্রতি আমার অনেক আস্থা, দারুণ প্রতিভাবান ও। আগেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে এবং নিজেকে প্রমাণ করেছে।’
আজমল না থাকায় বোলিং আক্রমণের শক্তি নিশ্চিতভাবেই কমে গেছে অনেকটা। আফ্রিদি তবু ভাবনার কিছু দেখছেন না, ‘গত ৪-৫ বছর ধরেই আমাদের স্পিনাররা দারুণ বোলিং করে আসছে। এখন আজমল না থাকলেও আমি আছি, হাফিজ আছে। তরুণেরা আছে।
ফাস্ট বোলিং শক্তিও খারাপ নয়। বোলিং নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছি না আমি।’
আগামীকাল দুবাইতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার একমাত্র টি-টোয়েন্টি। এরপর দুদল খেলবে তিন ওয়ানডে, দুটি টেস্ট। এএফপি, ক্রিকইনফো।