আজমলকে নিয়ে আসছে পাকিস্তান

নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল বিশ্বকাপ শুরুর আগেই। তবে তারও আগে স্বেচ্ছায় বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সাঈদ আজমল। পরে আর দলে ডাকা হয়নি তাঁকে। তবে বিশ্বকাপের পরই আবার পাকিস্তান দলে ফিরলেন আজমল। বাংলাদেশ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য তিনটি আলাদা দল ঘোষণা করেছে কাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন দলেই আছেন এই অফ স্পিনার। একইভাবে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সব ধরনের দল থেকেই বাদ পড়েছেন উমর আকমল।
তিনটি দলেই আছেন চোটের কারণে বিশ্বকাপ খেলতে না-পারা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বোলার হিসেবে আপাতত নিষিদ্ধ হাফিজ শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলবেন। অবশ্য ৯ এপ্রিল ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন এই অফ স্পিনার। ওই পরীক্ষায় উতরে গেলে বাংলাদেশ সফরে বল করতেও কোনো সমস্যা থাকবে না তাঁর।
ওয়ানডে ও টেস্ট দলে জায়গা হয়নি ওপেনার আহমেদ শেহজাদের, তবে টি-টোয়েন্টি দলে আছেন তিনি। মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদির অবসরের কারণে ওয়ানডে দলের মিডল অর্ডারে জায়গা ফাঁকা হয়েছে। সেখানে ঢুকে পড়েছেন বিশ্বকাপ দলে না থাকা অলরাউন্ডার ফাওয়াদ আলম। টেস্ট দলে থাকলেও ওয়ানডে দলে রাখা হয়নি ইউনিস খানকে। পিসিবি অবশ্য বলছে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে তাঁকে। বিশ্বকাপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়া ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান ফিট না হওয়ায় কোনো দলেই নেই। আবার চোট কাটিয়েই ফিরেছেন জুনাইদ খান।
তিন ধরনের ক্রিকেটে তিনজন আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলবে পাকিস্তান। মিসবাহই টেস্ট দলের অধিনায়ক, টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদি। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন আজহার আলী। ক্রিকইনফো।
বাংলাদেশ সফরের পাকিস্তান দল
টেস্ট : মিসবাহ-উল-হক (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আসাদ শফিক, আজহার আলী, ইউনিস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সোহেল খান, রাহাত আলী।
ওয়ানডে : আজহার আলী (অধিনায়ক), সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, সোহেব মাকসুদ, সামি আসলাম, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল, সোহেল খান।
টি-টোয়েন্টি : শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, সোহেব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, সোহেল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল, জুনাইদ খান।