
সহমর্মিতা হয়তো অনেকেরই থাকবে। তবে সাঈদ আজমল নিষিদ্ধ হওয়ায় একটা ব্যাপার নিশ্চিত, ক্রিকেটবিশ্বজুড়ে ব্যাটসম্যানরা অন্তত কিছুদিন শান্তিতে ঘুমাতে পারবেন! পাকিস্তানি অফ স্পিনার ব্যাটসম্যানদের ঘুম কতটা হারাম করে তুলেছিলেন, নমুনা দেখা যেতে পারে পরিসংখ্যানে। ২০০৮ সালের ২ জুলাই করাচিতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক অভিষেক আজমলের। সেদিন থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটও তাঁরই, ৪৪৬টি! ৪৩৩ উইকেট নিয়ে ঠিক পেছনেই ডেলস্টেইন, জেমস অ্যান্ডারসন নিয়েছেন ৪২৯টি। কমপক্ষে ৪০০ উইকেট শিকারিদের মধ্যে ক্রিকেট ইতিহাসেই সেরা স্ট্রাইক রেট আজমলের। প্রতিটি উইকেটের জন্য করতে হয়েছে ৪২.৩৫ বল, শহীদ আফ্রিদির ৪২.৮২, সাকলায়েন মুশতাক ৪৬.০৫, মুত্তিয়া মুরালিধরন ৪৬.৮৭। গত তিন বছরই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি আজমল। ২০১১ সালে নিয়েছিলেন ৮৯ উইকেট, পরের বছর ৬টি বেশি আর গত বছর ১১১টি!