আজমলের তিন মাস পর হাফিজও
সাঈদ আজমল পারেননি। মোহাম্মদ হাফিজও পারলেন না আইসিসির বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে। ফল, অ্যাকশন না শোধরানো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না পাকিস্তানি এই অলরাউন্ডার। কাল আইসিসি পরীক্ষার ফল জানাতে গিয়ে বলেছে এই অফ স্পিনারের প্রতিটি ডেলিভারিই ছাড়িয়ে যায় অনুমোদিত ১৫ ডিগ্রির সীমা। গত ২৪ নভেম্বর ইংল্যান্ডের লাফবরোর ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে হয়েছিল পরীক্ষা।
গত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে প্রথম অভিযুক্ত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা ছিল না হাফিজের। এরপর গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টে আবারও অভিযোগ উঠলে ব্যবস্থা করা হয় পরীক্ষার। ৩৪ বছর বয়সী হাফিজ অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্দেশনা মেনে ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন।
আজমলের পর হাফিজ—বিশ্বকাপের আগে বড় এক ধাক্কাই খেল পাকিস্তানি ক্রিকেট। ১৪৯ ওয়ানডেতে ১২২ উইকেট নেওয়া হাফিজকে হারানো মানে একাদশে অতিরিক্ত একজন বোলার নিতে হবে পাকিস্তানকে। আইসিসি, এএফপি।