আজমলের দিকে সন্দেহের তির

সময়ের সেরা স্পিনার সম্ভবত তিনিই। তবে তাঁর অ্যাকশন নিয়ে কানাঘুষাও ছিল ক্যারিয়ারের শুরু থেকে।সেই ফিসফাসগুলো প্রাতিষ্ঠানিক ভিত্তি পেল আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন সাঈদ আজমল। ‘আরেকবার’—কারণ ২০০৯ সালেও একবার আনুষ্ঠানিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল আজমলের অ্যাকশন।
সমসাময়িক আরও অনেক স্পিনারের মতো আজমলও বোলিং করেন সব সময় ফুলহাতা জার্সি পরে। তার পরও খালি চোখে তাঁর বোলিং অ্যাকশন দেখে অনেক সময়ই সংশয় জাগে। বিশেষ করে দুসরা ও জোরের ওপর করা বলগুলোতে। টেস্ট অভিষেকের আগেই, ২০০৯ সালের এপ্রিলে একটি ওয়ানডে ম্যাচে প্রশ্ন উঠেছিল তাঁর দুসরা নিয়ে। সেবার অভিযোগ থেকে মুক্তি পেয়েছিলেন পরের মাসেই। এবার গল টেস্টে বেশ কবার আজমলের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হওয়ায় আইসিসিকে তা পরীক্ষা করে দেখতে বলেছেন ম্যাচ অফিশিয়ালরা। নিয়ম অনুযায়ী এখন তিন সপ্তাহের মধ্যে বোলিং পরীক্ষা করাতে হবে আজমলকে। তত দিন খেলা চালিয়ে যেতে অবশ্য বাধা নেই।
হঠাৎ এই অভিযোগে বিস্মিত পাকিস্তান দলের ম্যানেজার মঈন খান। তবে ভেতরে ভাবনা বা দুর্ভাবনা যা-ই থাকুক, প্রতিক্রিয়ায় সেটি বুঝতে দেননি সাবেক অধিনায়ক, ‘আইসিসি ব্যাপারটি আমাদের জানিয়েছে এবং আমাদের জন্য সেটি বড় এক বিস্ময় হয়ে এসেছে। তবে এটি স্রেফ একটি প্রক্রিয়া। আবার পরীক্ষা হবে ওর এবং আমরা নিশ্চিত যে ও সন্দেহ থেকে মুক্তি পাবে, খেলবে পারবে অনেক দিন। এর মধ্যে পরের টেস্টেও ওকে আমরা খেলাব। আতঙ্কের কোনো ব্যাপার নেই। ও এখনো আমাদের সেরা বোলার, ওর প্রতি পুরোপুরি সমর্থন থাকবে আমাদের।’
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন আজমল, টেস্টের আট নম্বর। গল টেস্টে নিজের সেরা চেহারায় না থাকলেও ক্যারিয়ারে দশমবার পেয়েছেন ৫ উইকেট। এর আগে প্রথমবারের মতো কাউন্টি খেলতে গিয়ে ইংল্যান্ড মাতিয়ে এসেছেন ৯ ম্যাচে ৬৩ উইকেট নিয়ে। কাউন্টি খেলার সময়ই আজমলের অ্যাকশন নিয়ে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের একটি টুইটে বিতর্ক হয়েছিল বেশ। তখন ব্রড ও ইসিবির কাছে ব্যাখ্যাও দাবি করেছিলেন আজমল। সন্দেহজনক বোলিং অ্যাকশনের ব্যাপারটি নিয়ে গত জুনে আইসিসি ক্রিকেট কমিটির সভায়ও আলোচনা হয়েছে বিস্তর। কমিটির সদস্যদের বেশির ভাগেরই ধারণা, সন্দেহজনক বোলিং অ্যাকশন পরীক্ষা করার বর্তমান পদ্ধতিটি নিখুঁত নয়। ক্রিকইনফো।
সংশোধন প্রক্রিয়া
২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে আজমলকে
এই সময়ে খেলা চালিয়ে যেতে পারবেন
বায়োমেকানিক্যাল পরীক্ষায় অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে নিষিদ্ধ হবেন বোলিং থেকে। ফিরতে হলে অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিতে হবে
অবৈধ অ্যাকশনের দায়ে সম্প্রতি বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাচিত্রা সেনানায়েকে ও কেন উইলিয়ামসন।