আজমলের 'যন্ত্রণা' শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ আজমল
সাঈদ আজমল

এই বয়সে ক্যারিয়ার শেষ হয়ে যায় কতজনের! ক্রিকেট-পরবর্তী জীবনের ছবি আঁকতে শুরু করেন অনেকে। এই ৩৭ বছর বয়সেই কঠিন এক যুদ্ধে নেমেছিলেন সাঈদ আজমল। নিজেকে শুদ্ধ করে ক্রিকেট মাঠের ফেরার। এই কারণে বিশ্বকাপটাও খেলতে পারেননি। হাল ছাড়েননি তবু। বিশ্বকাপের মধ্যেই পেয়েছেন ক্রিকেটে ফেরার ছাড়পত্র। বাংলাদেশ সফরের দলে ডাক পেয়ে যুদ্ধ জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলেছে। আজমল তাই উচ্ছ্বসিত, বলছেন এটা অনেকটা ‘যন্ত্রণামুক্তি।’
আজমলের অ্যাকশন নিয়ে ঢাক ঢাক গুড় গুড় ছিল বরাবরই। গত বছরের মাঝামাঝি বোলারদের অ্যাকশন নিয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। গত আগস্টে শ্রীলঙ্কা সফরে আম্পায়ারে কাছে প্রশ্নবিদ্ধ হয় আজমলের অ্যাকশন। বোলিং-পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়ে নিষিদ্ধ হন সেপ্টেম্বরে। বাহু নমনীয় করতে পারার আইসিসির অনুমোদিত সীমা যেখানে ১৫ ডিগ্রি, আজমলের কয়েকটি ডেলিভারি সেখানে নমনীয় হয়েছিল ৪২ ডিগ্রি! অনেকেই ভেবেছিলেন এই বয়সে এত বড় ত্রুটি সারিয়ে আর ফিরতে পারবেন না আজমল। কিন্তু এই অফ স্পিনার নিবিড়ভাবে কাজ করে যান পূর্বসূরি সাকলায়েন মুশতাকের সঙ্গে। শেষমেশ গত ৭ ফেব্রুয়ারি ছাড়পত্র পায় আজমলের নতুন অ্যাকশন। বিশ্বকাপ আর খেলতে পারেননি। তবে আসছেন বাংলাদেশ, খেলবেন তিন সংস্করণেই।
দলে ফেরার পুরো প্রক্রিয়া শেষ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত আজমল। ফয়সালাবাদে নিজ বাড়ি থেকে ফোনে বলেছেন, ‘ক্রিকেটবিহীন জীবন ছিল অত্যাচারের মতো। বড় যন্ত্রণাময় ছিল এই আট মাস, জীবনের সবচেয়ে কঠিন সময়।’
কোচ ওয়াকার ইউনুসের অনিচ্ছায় ২০১১ বিশ্বকাপে সব ম্যাচে খেলতে পারেননি আজমল। এরপর নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়েছেন অনেকটা, সব সংস্করণেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা বোলারদের একজন হিসেবে। এই বিশ্বকাপে তাঁর হওয়ার কথা ছিল দলের মূল অস্ত্র। কিন্তু অ্যাকশন সমস্যায় খেলতেই পারলেন না। টিভি পর্দায় বিশ্বকাপ দেখাটা তাই ছিল যন্ত্রণা, ‘বিশ্বকাপ দেখেছি টিভিতে। দেড় মাস ধরে আমার মনে হয়েছে যেন টিভির ভেতরে ঢুকে যাই, খেলি সতীর্থদের পাশে। মাঠে নিজের কাজটা করি! অধিনায়ক মিসবাহ ও দলের অন্যদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়েছে। সব সময়ই চেষ্টা করেছি ওদের উৎসাহ দিতে, আমার শুভকামনা জানিয়েছি। দল থেকে দূরে থাকা ছিল সত্যিই কষ্টকর।’
পাকিস্তানের পারফরম্যান্সই বলছে, আজমলের অভাবে কতটা ভুগেছে দলটি। ফাস্ট বোলাররা দুর্দান্ত পারফর্ম করলেও ভালো করতে পারেননি পাকিস্তানের স্পিনাররা। শহীদ আফ্রিদি গোটা টুর্নামেন্টে উইকেট পেয়েছেন মাত্র দুটি। প্রথম ম্যাচে লেগ স্পিনার ইয়াসির শাহ ৮ ওভারে ৬০ রান দেওয়ায় আর খেলানোর সাহসই পায়নি টিম ম্যানেজমেন্ট। আজমলও দলের অভাব বোধ করেছেন, ‘আমি বুঝেছি দল আমাকে মিস করছিল। বিশেষ করে ব্যাটিং পাওয়ার প্লেতে। পাওয়ার প্লেতে আমি সব সময়ই উইকেট তুলে নিতাম, কিন্তু এবার দল সেটির অভাবে ভুগেছে।’
ফেরার যুদ্ধে জিতলেও আজমলের আসল লড়াইটা সামনে। নতুন অ্যাকশনে কতটা কার্যকর হতে পারবেন, সেই প্রশ্ন থাকছেই। ৪৪৬টি আন্তর্জাতিক উইকেটের মালিক অবশ্য দারুণ আত্মবিশ্বাসী, ‘নতুন অ্যাকশনে আমি কোনো সমস্যা দেখছি না। অনেক কাজ করেছি এটা নিয়ে। আমি আশাবাদী যে নতুন অ্যাকশনেও নিষিদ্ধ হওয়ার আগের মতোই কার্যকর হতে পারব।’
বিশ্বকাপের পর পাকিস্তান দলে যথারীতি হয়েছে বেশ কিছু পালাবদল। দল ভাঙা-গড়ার পালা অবশ্য কয়েক বছর ধরেই পাকিস্তানে চলমান প্রক্রিয়া। তবে নিজের মতো পাকিস্তান ক্রিকেট নিয়েও আশাবাদী আজমল, ‘পাকিস্তান ক্রিকেটের এখন দুঃসময়। কিন্তু আমাদের দেশে প্রতিভার অভাব নেই। চেষ্টা অব্যাহত থাকলে বছর খানেকের মধ্যেই আমাদের দল দাঁড়িয়ে যাবে।’
কিন্তু আজমল কত দিন থাকবেন? বছর খানেক পর তাঁর নিজের বয়সও যে হবে ৩৮! এএফপি।