আজহারই পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক

টেস্টে নিয়মিত হলেও ওয়ানডেতে ছিলেন অনিয়মিত। ৩৯ টেস্টের বিপরীতে খেলেছেন মাত্র ১৪ ওয়ানডে। ছিলেন না পাকিস্তানের বিশ্বকাপ দলেও। অভিজ্ঞতা যা-ই হোক, নেতৃত্ব গুণ, দলীয় চেতনা আর চারিত্রিক দৃঢ়তার কারণে আজহার আলীকেই পাকিস্তান দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পিসিবি।
আজহার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৩ সালের জানুয়ারিতে। দুই বছর ধরে ওয়ানডে দলের বাইরে। সেই ব্রাত্য আজহার ফিরলেন অধিনায়ক হয়ে। কী রাজসিক প্রত্যাবর্তন! আজহারকে অধিনায়ক করা প্রসঙ্গে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বললেন, ‘নেতৃত্বের দক্ষতা, দলীয় চেতনা ও চারিত্রিক দৃঢ়তার কারণেই আজহারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। জানি, সে গত দুই বছর দলে ছিল না। তবে পেন্টাগুলার সিরিজে (পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট) সে প্রমাণ করেছে, অধিনায়ক হওয়ার যোগ্য।’
আজহারকে একই সঙ্গে পাকিস্তান টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে। আগের মতো সাদা পোশাকে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মিসবাহ। ওদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব শহীদ আফ্রিদির কাছেই থাকছে। আর ওয়ানডে, টি-টোয়েন্টির ডেপুটি সরফরাজ আহমেদ।
আজহারকে ভীষণ পছন্দ সদ্য বিদায়ী মিসবাহ ও বর্তমান কোচ ওয়াকার ইউনিসের। আজহারকে ‘নিরাপদ পছন্দ’ ভাবছেন দুজনই। তা ছাড়া মিসবাহর খেলার ধরনের সঙ্গে আজহারের অনেক মিল। সতীর্থ ও বোর্ডের সঙ্গে সম্পর্কও বেশ ভালো। ঘরোয়া ক্রিকেটে আজহারের অধিনায়কত্বও প্রশংসনীয়। তাঁর অধিনায়কত্বে দল ৩৪ ম্যাচে জিতেছে ১৬ টিতে। যেটি কিনা পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে রেকর্ড।
নতুন দায়িত্ব পাওয়ার পর মিসবাহকে প্রশাংসা-বানে ভাসালেন আজহার, ‘বিরাট দায়িত্ব, আশা করি সকল খেলোয়াড় আমাকে সহায়তা করবে। তিনি (মিসবাহ) যেভাবে দলকে দিয়েছেন, খেলেছেন, তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁর অবদান ভোলার নয়। তাঁর (মিসবাহ) জায়গা পূরণ খুবই কঠিন কাজ। তাঁর প্রস্থান শূন্যতা তৈরি করবে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে।’ তথ্যসূত্র: এএফপি।