আজহারউদ্দিনের বিয়ে - সত্যি, নাকি গুজব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহারউদ্দিনের বিয়ে নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ফাইল ছবি
আজহারউদ্দিনের বিয়ে নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ফাইল ছবি

খবরটি মারাঠি এক সংবাদপত্রের। সত্য-মিথ্যা যা-ই হোক, নড়েচড়ে বসার মতোই। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন নাকি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। কনে মার্কিন নাগরিক।

মহারাষ্ট্র টাইমস নামের মারাঠি পত্রিকাটি জানিয়েছে, দুই বছরের সম্পর্কের পরিণতি দিয়েছেন ‘আজ্জু’। তবে যাঁর বিয়ে নিয়ে আলোচনা, সেই আজহারউদ্দিনের কোনো বক্তব্য প্রকাশ করেনি মারাঠি পত্রিকা। বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই ‘মোহাম্মদ আজহারউদ্দিন’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই বিয়ের সত্যতা অস্বীকার করা হয়েছে। টুইটার অ্যাকাউন্টটি আদৌ আজহারের কি না, সে ব্যাপারে অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের হয়ে ৯৯টি টেস্ট ও ৩৩৪টি ওয়ানডে খেলা আজহারের বিয়ের খবরটা একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। গত সেপ্টেম্বরে তাঁর ব্যক্তিগত গাড়িচালক জান মোহাম্মদ এক সড়ক দুর্ঘটনায় নিহত হলে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আজহার। সেখানে তাঁর সঙ্গে বোরকা পরিহিতা এক নারীকে দেখা গিয়েছিল। ওই পত্রিকা জানিয়েছে, বোরকা পরা নারীই খুব সম্ভবত আজহারের তৃতীয় স্ত্রী।

২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আজীবন নিষিদ্ধ হওয়া আজহারউদ্দিনের সুখের সংসার ছিল প্রথম স্ত্রী নওরীনের সঙ্গেই। নওরীনের কোল আলো করে এসেছিল দুই ছেলে। নওরীনের সঙ্গে ঘর করতে করতেই ১৯৯০ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে হঠাৎ করেই নওরীনকে ছেড়ে সাবেক বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক।

সঙ্গীতার সঙ্গে সম্পর্কটা টিকে ছিল ২০১৪ সাল পর্যন্ত। এর মধ্যেই জাওলা গুত্তা নামের এক ভারতীয় ব্যাডমিন্টন তারকার সঙ্গে আজহারের গোপন সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। বিজলানির সঙ্গে আজহারের সংসার ভেঙে যায় মূলত এই গুঞ্জনের সম্পর্কের জেরেই। বিষয়টি নিয়ে বেশ শোরগোলও হয়।

তবে শেষ পর্যন্ত আজহার অন্য একজনকেই বিয়ে করেছেন বলে খবর। যাঁর ব্যক্তিগত জীবনটাই গল্পের মতো। হয়তো এ কারণেই এই গল্প নিয়ে ছবিও ​হয়েছে বলিউডে।