আজহারে খরা কাটল পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের অধিনায়কেরা ওয়ানডেতে সেঞ্চুরি করতে ভুলে গিয়েছিলেন। বাংলাদেশ সফরের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে খরাটা কাটালেন নতুন অধিনায়ক আজহার আলী। পাকিস্তান ভুলে গিয়েছিল ওয়ানডে সিরিজ জিততেও। পরশু আজহারের আরেকটি সেঞ্চুরিতে ১৭ মাস পর সিরিজ জেতা নিশ্চিত করল পাকিস্তান।
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি ও পাকিস্তানের রান তাড়া করে জয়—দুটো মিলে অনাস্বাদিত এক স্বাদই পেয়েছেন অধিনায়ক আজহার। রান তাড়া করে দল জিতেছে এমন ম্যাচে সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি অধিনায়ক যে তিনিই! পাকিস্তানি অধিনায়কদের মধ্যে এর আগে রান তাড়া করতে নেমে সেঞ্চুরি পেয়েছিলেন মাত্র দুজন—ইনজামাম-উল-হক ও শহীদ আফ্রিদি। ২০০৪ ও ২০১০ সালে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচই হারে পাকিস্তান।
দ্বিতীয় ওয়ানডেটা ৬ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করার কৃতিত্ব অবশ্য আজহার পুরো দলকেই ভাগ করে দিয়েছেন, ‘এটা পুরোপুরি দলীয় প্রচেষ্টার ফল। এটা দারুণ এক জয় তবে আমাদের এখনো অনেক দূর যেতে হবে।’
এবারের আগে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৩ সালে ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জেতে পাকিস্তান। তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো।