আজহারের চাওয়া ১৫ উইকেট

তাঁর ব্যাট হেসেছিল ওয়ানডে সিরিজেও। কিন্তু তিনটি ওয়ানডেতেই আজহার আলীর ইনিংসগুলো শেষ পর্যন্ত ‘পাকিস্তানের হাসি’ হয়ে উঠতে পারেনি। তবে ধারাবাহিকতা ধরে রেখেছিলেন খুলনা টেস্টেও। কিন্তু সেখানেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করে বাংলাদেশ। এবার ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। দিন শেষে পাকিস্তানও খুবই ভালো অবস্থানে। এবার কি জিতবে তাঁর দল?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আজহার কিন্তু দারুণ আশাবাদী, ‘এখন আমরা খুব ভালো অবস্থায় আছি। কিন্তু টেস্টের বাকি দিনগুলোয় আমাদের খুব ভালো খেলতে হবে। যতক্ষণ না এটা শেষ হচ্ছে। এক দিন ভালো করে পরের দিন গা ছেড়ে দেওয়ার অবকাশ নেই। কাল (আজ) আমরা আরও কঠিন ক্রিকেট খেলব। কারণ, এখনো আমাদের আরও ১৫ উইকেট লাগবে টেস্টটা জিততে।’
২০১০ সালে টেস্ট অভিষেকের পর সাদা পোশাকে খেলেছেন প্রায় নিয়মিতই। তবে ওয়ানডে দলে থিতু হতে পারেননি। ২০১৩ সালের জানুয়ারির পর আর খেলাই হয়নি রঙিন পোশাকে। সেই আজহার এবার বাংলাদেশ সফরে ওয়ানডে দলের অধিনায়ক! নেতৃত্ব পেয়ে আজহারও যেন বদলে গেছেন অনেক। ৩ ওয়ানডেতে একটি সেঞ্চুরিসহ ৬৯.৬৬ গড়ে ২০৯ রান। ধারাবাহিকতা ধরে রেখে খুলনায় ৮৩ রানের পর এখানে ২২৬! বাংলাদেশ সফরে আসার পর তাঁর ওয়ানডে গড় ৪১.০৯ থেকে বেড়ে ৪৭.২১।
কালকের ডাবল সেঞ্চুরির পর টেস্ট গড়ও বেড়ে গেছে প্রায় তিনের মতো। ওয়ানডের নেতৃত্বটা কি বাড়তি অনুপ্রেরণা হয়ে কাজ করছে? সরাসরি স্বীকার না করলেও একটা প্রভাব যে আছে তা বোঝা গেল জবাব শুনেই, ‘যেকোনো ধরনের ক্রিকেটেই প্রত্যাবর্তন খুব একটা সহজ নয়। পারফর্ম করে দলে জায়গা পাওয়ার যৌক্তিকতা প্রমাণের চাপ থাকে। আমি সেটাই চেষ্টা করেছি। ওয়ানডেতে খুব ভালো ফর্মে ছিলাম এবং আল্লাহর রহমতে সেই ছন্দটা এখানেও ধরে রাখতে পেরেছি।’
পরশু দিন শেষে অপরাজিত ছিলেন ১২৭ রানে। আগের দিন যেখানে শেষ করেছিলেন কাল যেন শুরুটা করলেন সেখান থেকেই। তবে ডাবল সেঞ্চুরি নাকি তখনো মাথায় ছিল না, ‘কাল (পরশু) অপরাজিত থেকে ফেরার পরই সবাই বলছিল ডাবল সেঞ্চুরির কথা। আমিও ভেবেছি। কিন্তু ১২৭ রানে থেকেই তো আর আপনি ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা শুরু করতে পারেন না। আজ আমি চেষ্টা করেছি যত বেশি সময় পারা যায় উইকেটে থাকতে। জুটিটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। কাছাকাছি যাওয়ার পর মনে হয়েছে, ডাবল সেঞ্চুরি পেলে ভালো হবে।’ কৃতিত্ব দিলেন ২০৭ রানের জুটিতে সঙ্গী ও আরেক সেঞ্চুরিয়ান আসাদ শফিককেও, ‘ও যেভাবে স্কোরবোর্ড সচল রেখেছে সেই কৃতিত্ব দিতেই হবে। আমার ওপর থেকেও ও অনেক চাপ কমিয়ে দিয়েছে।’
ব্যাট হাতে আজহার-শফিকদের দারুণ পারফরম্যান্সের পর বাকি কাজটা বোলারদের। এখানে সফল পাকিস্তান। দিন শেষে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়ে শক্ত হাতে টেস্টের লাগাম ধরে রেখেছে সফরকারী দল। আজহারের কণ্ঠে তাই বোলারদের স্তুতিও, ‘আমাদের বোলাররা খুবই ভালো বল করেছে। হ্যাঁ, বাংলাদেশ লম্বা সময় ফিল্ডিং করার পর ব্যাট করতে নেমেছে। কিন্তু এটাই তো টেস্ট ক্রিকেট। আমার মনে হয় বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ২৮ ওভারে প্রতিপক্ষের ৫ উইকেট নেওয়া কখনোই সহজ নয়।’
৫ উইকেটের মধ্যে তামিম ইকবালের উইকেটটার মাহাত্ম্য যে একটু বেশি জানিয়ে দিলেন সেটিও, ‘ও খুব ভালো ফর্মে আছে। ওকে শুরুতেই ফেরানো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বড় উইকেট বলতেই হবে।’
বড় উইকেট শিকারে আত্মবিশ্বাস আরও বেড়েছে পাকিস্তানের। সেটিরই প্রতিফলন স্কোরবোর্ডে।