আজহারের টেস্ট অধিনায়ক কোহলি
সময়ের বাতাস সরিয়ে দিয়েছে বিতর্কের মেঘ। ইংল্যান্ডে টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিদায় চাইছিলেন অনেকেই। কিন্তু পরে ওয়ানডে সিরিজ জয় আর চলতি চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটের লড়াইয়ে আড়াল হয়ে গেছে নেতৃত্ববদলের বিতর্ক। সেটিকে আবার একটু উসকে দিলেন সাবেক অধিনায়ক। বিরাট কোহলিকে ভারতের টেস্ট অধিনায়ক দেখতে চান মোহাম্মদ আজহারউদ্দিন।
গত পরশু মুম্বাইয়ে বিজয় অমৃতরাজের চ্যাম্পিয়নস লিগ টেনিস টুর্নামেন্টের উদ্বোধনে ছিলেন আজহার। টুর্নামেন্টের চণ্ডীগড় ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীদের একজন তিনি। উপলক্ষ টেনিস হলেও আজহারকে পেয়ে সংবাদমাধ্যম জানতে হয়েছে ক্রিকেটের কথা। ভারতকে ৪৭ টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কও সাফ জানিয়ে দিয়েছেন বর্তমান অধিনায়ক ধোনিকে নিয়ে তাঁর ভাবনা, ‘অধিনায়কের কোনোরকমে পড়ে থাকার সুযোগ নেই। পারফর্ম করলেই শুধু লম্বা সময় টিকে থাকা যায়। পারফর্ম না করলে টিকে থাকার সুযোগ নেই, যেতেই হবে। খুব সহজ হিসাব। বিসিসিআইকে একটা পদক্ষেপ নিতেই হবে।’
সেই ‘অন্য কোনো অধিনায়ক’ হিসেবে নিজেও পছন্দের কথা জানাতেও রাখঢাক রাখেননি আজহার, ‘পুরোপুরি প্রস্তুত একজনকে পাওয়ার উপায় নেই। কাউকে সুযোগ দিলেই কেবল ভালো অধিনায়ক পাওয়া যাবে। সুযোগ না দিলে তো বোঝার উপায় নেই! আমি নির্বাচক হলে সুযোগ দিতাম কোহলিকে।’
যে ইংল্যান্ড সিরিজের ব্যর্থতায় মুণ্ডুপাত হয়েছে অধিনায়ক ধোনির, সেই সিরিজটা ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো কেটেছে ধোনির ডেপুটি কোহলির। ৫ টেস্টের ১০ ইনিংসে ছিল না কোনো ফিফটি, ১৩৪ রান করেছেন ১৩.৪০ গড়ে। ধোনির দুঃসময়ের মেঘকে কাটাতে খানিকটা সহায়তা করেছে কোহলির বাজে ফর্মও। তবে ব্যাটিং ফর্মে সমস্যার কিছু দেখছেন না আজহার, ‘ইংল্যান্ডে বিরাট ভালো করেনি, ঠিক আছে। কিন্তু ওটা ছিল শুধুই একটা বাজে সিরিজ। আর দায়িত্ব না দেওয়ার আগ পর্যন্ত বোঝার উপায় নেই, কেউ ভার সামলাতে পারবে কি না।’ হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।