
সেই ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন হানিফ মোহাম্মদ। এরপর আর ক্যারিবীয়দের বিপক্ষে কোনো পাকিস্তানি ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি তো নয়ই, ডাবল সেঞ্চুরিই পাচ্ছিলেন না। কাল দুবাইয়ে সেই হতাশা ঘুচিয়ে দিলেন আজহার আলী। আগের দিনের ১৪৬ রানকে ডাবল সেঞ্চুরির রূপ দিলেন। পরে সেটিকে পরিণত করলেন ট্রিপল সেঞ্চুরিতে। আর তাঁর অপরাজিত ৩০২ রানের ইনিংসের সুবাদে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ৩ উইকেটে ৫৭৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে মিসবাহর দল।
অ্যাডিলেডের দিবারাত্রির প্রথম টেস্টে রাজত্ব করেছিলেন বোলাররা। টেনেটুনে মাত্র তিনজন ব্যাটসম্যান পেয়েছিলেন ফিফটি। দ্বিতীয় দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা চার হয়ে গেছে। পঞ্চাশোর্ধ্ব বলা হচ্ছে অন্য তিনজনের জন্য, আজহারের ইনিংস তো এক শ পেরিয়েছে পরশু দিনই। কাল সেটা ডাবল সেঞ্চুরি পেরিয়ে রূপ পেয়েছে ট্রিপল সেঞ্চুরির। হানিফ মোহাম্মদ (৩৩৭), ইনজামাম-উল হক (৩২৯) ও ইউনিস খানের (৩১৩) পর চতুর্থ পাকিস্তানি হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন আজহার আলী।
দিবারাত্রির টেস্টে গোলাপি বল নিয়ে কত আলোচনা! ফ্লাডলাইটের আলোতে কিছুটা ভিন্ন আচরণ করে বল, বাড়তি সুইং পায়, একটু স্পিনও নাকি হয়। কিন্তু দুবাই টেস্ট দেখে সেটা বোঝার কি জো আছে! গোলাপি বলের বাড়তি সুবিধা নেওয়ার সুযোগই তো পেলেন না ক্যারিবীয় বোলাররা। আজহার এমনই এক ইনিংস খেললেন, ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারই খুঁজে পেলেন না কাঙ্ক্ষিত লেংথ-লাইন।
দিবারাত্রির টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান, ডাবল সেঞ্চুরিয়ান হয়েও সন্তুষ্ট থাকতে পারেননি আজহার, প্রথম ডাবল ট্রিপল সেঞ্চুরিয়ানও হয়ে গেলেন। সেই সঙ্গে তিনজন ভিন্ন সঙ্গীর সঙ্গে টানা তিন সেঞ্চুরি জুটিতে রানের সাগরে ডুবিয়েছেন সফরকারীদের।
প্রথম ইনিংস শুরু করে কাল ওয়েস্ট ইন্ডিজ ২২ ওভারে জনসনকে (১৫) হারিয়ে ৬৯ রান করেছে। উইকেটে আছেন ব্রাফেট (৩২*) ও ব্রাভো (১৪*)। ক্রিকইনফো।