আজহারের দুঃখ বুঝলেন রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানপুরে সেদিন আজহারউদ্দিনের কেমন লেগেছিল, এখন বোধ হয় বুঝতে পারছেন লোকেশ রাহুল। ৩০ বছর আগে আজহারকে যে আক্ষেপে পুড়তে হয়েছিল, কাল একই আক্ষেপ রাহুলেরও সারা জীবনের সঙ্গী হয়ে গেল!
শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৮৬ সালের ওই টেস্টে আজহার তখন অপরাজিত ১৯৯ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকা অবস্থায়ই এলবিডব্লু হয়ে গেলেন রবি রত্নায়েকের বলে। সেই আজহার পরে টেস্ট খেলেছেন ২০০০ সাল পর্যন্ত। কিন্তু অধরা ডাবল সেঞ্চুরিটি আর পাওয়া হয়নি!
চেন্নাইতে কাল রাহুলেরও সেই একই দুর্ভাগ্য। অফ স্টাম্পের বেশ বাইরে আদিল রশিদের বল। ওভার পিচ ভেবে চালিয়ে দিলেন ব্যাট, ওপরের কানায় লেগে সরাসরি কাভার পয়েন্ট জশ বাটলারের হাতে ক্যাচ। ক্যারিয়ারের ১২তম টেস্টেই প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে ছিলেন রাহুল। টেস্ট ইতিহাসের দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেলেন ১৯৯ রানে।
ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে আউট হওয়ার এই কষ্ট টেস্ট ইতিহাসে আছে মাত্র ৯ জনের। আর দুজন খেলোয়াড়ের দুঃখটা হয়তো আরও বেশি। তাঁরা সঙ্গীর অভাবে অপরাজিত থেকে যান ১৯৯ রানে। সেই দুই অভাগার নাম অ্যান্ডি ফ্লাওয়ার ও কুমার সাঙ্গাকারা!
রাহুলের ১ রানের আক্ষেপটুকু বাদ দিলে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কাল দিনটা শুধুই ভারতের। তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেটে ৩৯১, ইংল্যান্ডের ৪৭৭ আর মাত্র ৮৬ রান দূরে।
বিনা উইকেটে ৬০ রান নিয়ে দিন শুরু করা ভারত মধ্যাহ্নবিরতিতে যায় ১ উইকেটে ১৭৩ রান নিয়ে। আগের দিন ২৮ রানে অপরাজিত থাকা পার্থিব প্যাটেল লাঞ্চের আগে ৭১ রানে আউট হয়ে যান মঈন আলীর বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে। ১৫২ রানের জুটি ভাঙার পর চেতেশ্বর পূজারা আর বিরাট কোহলি আউট হয়ে যান দ্রুতই। রঞ্জিতে কর্ণাটক দলের সঙ্গী করুণ নায়ারের সঙ্গে জুটি গড়ে রাহুল পেয়ে যান ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
চতুর্থ উইকেটে রাহুল-নায়ারের ১৬১ রানের জুটিটাই ভুগিয়েছে ইংলিশ বোলারদের। তাদের ভোগান্তি আজ পঞ্চম দিনেও হতে পারে, সহজ পিচে ৭১ রান নিয়ে ব্যাট করছেন নায়ার, সঙ্গী মুরালি বিজয় অপরাজিত ১৭ রানে। সূত্র: ক্রিকইনফো।
২০০ থেকে ১ রান দূরে
রান দল প্রতিপক্ষ ভেন্যু সাল
রাহুল লোকেশ ১৯৯ ভারত ইংল্যান্ড চেন্নাই ২০১৬
স্টিভ স্মিথ ১৯৯ অস্ট্রেলিয়া ও. ইন্ডিজ কিংস্টন ২০১৫
কুমার সাঙ্গাকারা ১৯৯* শ্রীলঙ্কা পাকিস্তান গল ২০১২
ইয়ান বেল ১৯৯ ইংল্যান্ড দ. আফ্রিকা লর্ডস ২০০৮
ইউনিস খান ১৯৯ পাকিস্তান ভারত লাহোর ২০০৬
অ্যান্ডি ফ্লাওয়ার ১৯৯* জিম্বাবুয়ে দ. আফ্রিকা হারারে ২০০১
স্টিভ ওয়াহ ১৯৯ অস্ট্রেলিয়া ও. ইন্ডিজ ব্রিজটাউন ১৯৯৯
সনাথ জয়াসুরিয়া ১৯৯ শ্রীলঙ্কা ভারত কলম্বো ১৯৯৭
ম্যাথু এলিয়ট ১৯৯ অস্ট্রেলিয়া ইংল্যান্ড লিডস ১৯৯৭
মোহাম্মদ আজহারউদ্দিন ১৯৯ ভারত শ্রীলঙ্কা কানপুর ১৯৮৬
মুদাসসর নজর ১৯৯ পাকিস্তান ভারত ফয়সালাবাদ ১৯৮৪