আজীবন নিষিদ্ধ পাকিস্তান ক্রিকেটারের বিসিসিআই শরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা কাটাতে বিসিসিআইয়ের দিকে তাকিয়ে কানেরিয়া। ছবি: রয়টার্স।
নিষেধাজ্ঞা কাটাতে বিসিসিআইয়ের দিকে তাকিয়ে কানেরিয়া। ছবি: রয়টার্স।

টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও ইমরান খানের পরই তাঁর নাম। ৬১ টেস্টে ২৬১ উইকেট, পাকিস্তানের স্পিনারদের মধ্যে সবচেয়ে সফল। নিজেই বলেন, এখনো খেলতে পারলে সংখ্যাটা এত দিনে ৫০০ ছাড়িয়ে যেত। দানিশ কানেরিয়ার তো পাকিস্তান ক্রিকেটে অন্যরকম সম্মান নিয়ে থাকার কথা ছিল!

কিন্তু স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে তিনি উল্টো প্রায় বিস্মৃত এক নাম। ২০০৯ ন্যাটওয়েস্ট প্রো-৪০ সিরিজে এসেক্সের হয়ে খেলার সময় ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনায় তিন বছর পর ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) কানেরিয়াকে আজীবন নিষিদ্ধ করে। এর থেকে মুক্তি পেতে ৩৫ বছর বয়সী লেগ স্পিনার এখন সাহায্য চাইছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। কারণ? তাঁদের ক্ষমতা অনেক!
‘তীর্থযাত্রা’ করতে এখন ভারতে আছেন কানেরিয়া। সেখানেই টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকারে পাকিস্তানি ক্রিকেটার বললেন বিসিসিআইয়ের কাছে সাহায্য চাওয়ার কথা, ‘যতবার ভারতে এসেছি, অনেক ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে। এবারের সফরে বিসিসিআইয়ের কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের কথা এখনো হয়নি আমার। তবে তেমন কিছু হলে ভালোই লাগবে। ভারতীয় বোর্ডের কাছে সাহায্য চেয়েছি আমি, কারণ তাঁরা অনেক শক্তিশালী!’
ভারতীয় বোর্ডের শক্তি ব্যবহার করে আজীবন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া সম্ভব কি না, সেটি কানেরিয়াই ভালো বলতে পারবেন। তবে পাকিস্তান লেগস্পিনার নিজে অবশ্য দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। ২০১২ সালে ইসিবির ট্রায়ালে এসেক্স-সতীর্থ মারে ওয়েস্টফিল্ড জানিয়েছিলেন, কানেরিয়াই তাঁকে স্পট-ফিক্সারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওয়েস্টফিল্ড নিজেকে অপরাধী মেনে নেওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেয় ইসিবি। কিন্তু কানেরিয়া ‘ম্যাচ গড়াপেটা’র অপরাধ স্বীকার না করায় তাঁর ভাগ্যে জোটে আজীবন নিষেধাজ্ঞা।
কানেরিয়া সব সময়ই বলে এসেছেন, ম্যাচ-ফিক্সিংয়ে তাঁর জড়িত থাকার ঘটনা এখনো আদালতে প্রমাণিত হয়নি। এমনকি ইংল্যান্ড বোর্ডের রায়ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন কানেরিয়া, ‘স্কটল্যান্ড ইয়ার্ড আমাকে নির্দোষ ঘোষণা করার দুই বছর পর ট্রায়াল হয়েছিল। আমার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। কারণ ওরা ওয়েস্টফিল্ডকে বাঁচাতে চাইছিল।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডও নাকি তাঁকে কোনো সহায়তা করেনি, ‘পিসিবিও তখন ইসিবির রাস্তা ধরে আমাকে নিষিদ্ধ করেছে।’ এমনকি এরপর থেকে কানেরিয়ার ‘সম্মান পুনরুদ্ধারে’র চেষ্টায়ও নাকি পিসিবির কাছ থেকে খুব একটা সাহায্য পাননি।
এ জন্যই কী এবার বিসিসিআই-শরণ? সূত্র: টাইমস অব ইন্ডিয়া।