ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটা জিতে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ডে আজহারউদ্দিনকে স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডেতে দুজনেই জিতেছেন ৯০টি ম্যাচ। তবে এক দিক থেকে ধোনি কিছুটা এগিয়ে আজহারউদ্দিনের চেয়ে। ‘আজ্জু’ ৯০টি জয় পেয়েছিলেন ১৭৪ ম্যাচে, আর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি ছিল অধিনায়ক ধোনির ১৬১তম। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ডটি অবশ্য রিকি পন্টিংয়ের। ২৩০ ম্যাচে নেতৃত্ব দিয়ে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক জিতেছেন ১৬৫টিতে। অধিনায়ক হিসেবে ওয়ানডে জয়ের ‘সেঞ্চুরি’ আছে আর একজনেরই, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার। ১৭৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১০৭টিতে জয় পেয়েছিলেন বোর্ডার। সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়কের তালিকায় এই দুজনের পরেই আছেন হান্সি ক্রোনিয়ে (৯৯টি জয়), স্টিফেন ফ্লেমিং (৯৮টি) ও গ্রায়েম স্মিথ (৯২টি)।