আঞ্চলিক ক্রিকেট সংস্থাই সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাব-অভিযোগের শেষ নেই। জেলা-বিভাগের অভিমানী সুর, তৃণমূলের ক্রিকেটে বিসিবি যদি আরেকটু ভালোভাবে তাকাত! ক্রিকেটের নীতিনির্ধারকেরা বলছেন, বিসিবি থেকে হাজারো প্রচেষ্টার পরও ঢাকার বাইরের সংগঠকদের আন্তরিকতার অভাব দেখে তাঁরা হতাশ হন। আলোচনাটা এই মোড়ে এসে যে দিগন্ত দেখল, তা অবশ্য নতুন নয়। বহুচর্চিত বিষয়টিতেই সবাই একমত—কার্যকর আঞ্চলিক ক্রিকেট সংস্থাই পারে সমস্যার সমাধান দিতে।
বিওএ মিলনায়তনে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘তৃণমূলে আমাদের ক্রিকেট’ শীর্ষক সেমিনারে কাল আরেকবার উন্মোচিত হয়েছে ওই দিগন্ত। বিএসজেএ সভাপতি এ টি এম সাইদুজ্জামানের পরিচালনায় শেষ বক্তা বিসিবি সহসভাপতি মাহবুবুল আনামও মেনে নিয়েছেন, ‘ক্রিকেটের বিকেন্দ্রীকরণ না করলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে কার্যকর অবস্থায় দেখে যেতে না পারলে সংগঠক হিসেবে নিজেকে ব্যর্থ মনে করব।’
যাঁদের হাতে আঞ্চলিক ক্রিকেট সংস্থার দায়িত্ব উঠবে, তাঁরা সেটি পালন করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা আছে। সেটি দূর করতে চাইলেন বোর্ডের সহসভাপতি, ‘কেউ শুরু থেকেই শেখে না। বিসিবিরই দায়িত্ব তাদের গড়ে তোলা।’ এখনো আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের চিন্তা বাস্তবায়ন না হওয়ার জন্য বিসিবির সদিচ্ছার অভাবকে দায়ী করেছেন তিনি। আনাম অবশ্য জানিয়েছেন, আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র অনুমোদন হয়ে গেছে। ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে আগামী ডিসেম্বরে দু-একটি আঞ্চলিক সংস্থা কাজ শুরু করবে।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেরই ক্রিকেটের নির্দিষ্ট বর্ষপঞ্জি নেই, যেটি মাহবুবুল আনামের চোখে, ‘লজ্জার, অসফলতা।’ ঢাকার বাইরের ক্রীড়া অবকাঠামো ব্যবহারে অনেক বাধা দেখেন তিনি, ‘বাংলাদেশে ৬৪টি জেলায় স্টেডিয়াম আছে। ৯৪টি ইনডোর বা জিমনেসিয়াম আছে। সেখানে হাউজি খেলা হয়, বিয়ের অনুষ্ঠান হয়, গরু রাখা হয়। বিসিবি এসবের দায়িত্ব নিতে পারে। কিন্তু এনএসসি কর্তৃত্ব ছাড়তে চায় না।’
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেট সম্পাদক বদরুল হুদা জেনু বলেছেন, ‘আমাদের মাঠ আছে, উইকেট আছে। কিন্তু সেগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই।’ সাবেক ক্রিকেটার ও মাদারীপুরের ক্রীড়া সংগঠক আমির বাবু অবশ্য কোথাও কোথাও তৃণমূলের ক্রিকেট উন্নয়নে বিসিবির ভূমিকার প্রশংসা করেছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদের অভিযোগ, ‘রাজশাহীতে পর্যাপ্ত মাঠ এবং সুযোগ-সুবিধা থাকলেও নেই সুষ্ঠু ব্যবস্থাপনা।’ স্কুল ক্রিকেটের ওপর জোর দিয়ে ক্রীড়াশিক্ষকদের লেভেল-২ কোচিং কোর্স করানোর পরামর্শ তাঁর। সারা দেশের ক্রিকেট একাডেমিগুলোর ওপর বিসিবির নজরদারিও চান মাসুদ। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদের কথায় এ ক্ষেত্রে তাঁদের অসহায়ত্বই ফুটে উঠেছে, ‘১০ হাজার টাকা বেতনের কোচের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তদবির করতে মন্ত্রীর ফোন আসে। বিসিবি থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দের পরও বিভাগীয় পর্যায়ের দলগুলো কোচ-ট্রেনারদের ঠিকভাবে বেতন দেয় না।’
সেমিনারে আরও বক্তব্য রেখেছেন ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র, আরিফুর রহমান ও মোস্তফা মামুন, বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন, সাবেক বোর্ড পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক সাজ্জাদ আহমেদ, বরিশালের বেসিক ক্রিকেট কোচিং একাডেমির কোচ সুজন মাহমুদ ও ঢাকার ক্রিকেট সংগঠক সৈয়দ আলী আসাফ।