আট নম্বর ব্যাটসম্যান মুমিনুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দলের প্রয়োজনে’ আট নম্বরে ব্যাট হাতে নামতে হলো মমিনুলকে। ফাইল ছবি
‘দলের প্রয়োজনে’ আট নম্বরে ব্যাট হাতে নামতে হলো মমিনুলকে। ফাইল ছবি

ওপেন করতে নেমেছেন। ওয়ান​ ডাউনে। এমনকি পাঁচেও। কিন্তু তাই বলে আট নম্বরে! আশা বাঁচিয়ে রাখার শেষ চেষ্টার শেষ ম্যাচে আজ মুমিনুল হককে আট নম্বরে নামিয়ে দিয়েছিল সিলেট! বিস্ময়ের শেষ নেই এখানেই। পয়েন্ট বাড়াতে হবে, নেট রান রেটও—এমন সমীকরণের ম্যাচে ১৫০ রান তাড়া করতে নেমে শহীদ আফ্রিদিকেও নামানো হলো ছয়ে। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে ৭১ রানে ম্যাচ হেরে শেষ হলো সিলেট সুপারস্টারসের সুপার ফ্লপ যাত্রা। বাদ পড়ল টুর্নামেন্ট থেকেই।
পুরো ভাগ্য নিজেদের হাতে ছিল না। পরের ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারতেই হতো। সে ক্ষেত্রে এই ম্যাচে জিতলে সিলেট আর ঢাকা দুই দলেরই পয়েন্ট হয়ে যেত ৮। তখন দেখা হতো রান রেট। ফলে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে শুরু থেকেই তাদের তুলতে হতো ঝড়। কিন্তু সিলেটের বোধ হয় জেতার কোনো ইচ্ছা ছিল না। আফ্রিদিকে ‘নামানো’ হয়েছে লেখা হলো বটে, কিন্তু মুশফিকের বদলে নেতৃত্ব নেওয়ার পর তো তাঁরই ঠিক করার কথা কে আগে নামবে, কে পরে। অধিনায়ক নিজে কেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জটা নিলেন না?
মুমিনুলেরও দায় আছে। এমনিতে ওয়ানডে ও টি-টোয়েন্টির জাতীয় দলেই নেওয়া হয় না তাঁকে। তিনি টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান—এই পরিচিতিতেই যেন বড় হচ্ছেন। এ নিয়ে কথা বলতে চান না মুমিনুল নিজেও। এবারের বিপিএল ছিল তাঁর সাদা খোলস ছেড়ে বেরিয়ে আসার সুযোগ। কিন্তু আগের ছয় ম্যাচে মাত্র দুবার দুই অঙ্ক ছুঁয়ে করেছেন মোট ৬৩। গড় সাড়ে দশ!
তাই বলে সোহেল তানভীরকে যেখানে পাঁচে নামানো হলো, সেখানে মুমিনুল নামবেন আটে? শেষ পর্যন্ত আবদুর রাজ্জাক, মোহাম্মদ শহীদ, রুবেল হোসেনদের মতো ‘ব্যাটসম্যান’দের সঙ্গে নিয়েই ১৭ বলে ১৫ রানে অপরাজিত থাকলেন। সিলেটেরই এটি দ্বিতীয় সর্বোচ্চ।
রান রেট বাড়িয়ে নিয়ে জেতার চাপেই কি সব এলোমেলো হয়ে গিয়েছিল? সিলেট যে রান রেট বাড়াতে চায়, এমনটাও মনে হলো না তাঁদের ব্যাটিংয়ে। পাওয়ার প্লের ৬ ওভারেই যে তুলল মোটে ৩৪! দ্বিতীয় ওভারের পর একবারই তাদের রান রেট ৬-এর ওপরে ছিল। বাকিটা সময় তারা ওভার পিছু রান তুলেছে ছয়েরও নিচে। 

সিলেটের খেলা দেখা থেকে মুক্তি পেল দর্শকেরা; আর দর্শকদের হাত থেকেও হয়তো মুক্তি পেল সিলেটও!