আটকে যেতে পারত ভারত

পার্থের ম্যাচটি ভারত খুব সহজেই জিতে যেতে পারত। তাদের ব্যাটিং লাইনআপের শক্তির বিচারে তো আজ ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েই জেতার কথা তাদের। কিন্তু বাস্তবে তা হয়নি। হারের শঙ্কা মাথায় নিয়ে, বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ে, প্রাণপাত লড়েই ম্যাচটা জিততে হয়েছে তাদের। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের ১৮২ রানের সংগ্রহ টপকাতে মাত্র ৩৯.১ ওভার খেললেও, এই রান ছাপিয়ে যেতে ৬ উইকেট হারাতে হয়েছে তাদের। ৪ উইকেটের এই জয় বিশ্বকাপের পুল ‘বি’ তে ভারতের শীর্ষস্থানটা অক্ষুণ্নই রাখছে।
ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহের জবাবে ভারতের শুরুটা ছিল বিপর্যয়করই। দলীয় ১১ রানেই সাজঘরে ফিরতে হয় শিখর ধাওয়ানকে। ২০ রানে ফেরেন রোহিত শর্মা। উইকেট দুটো তুলে নেন জেরম টেলর। ধাওয়ানকে তিনি ফেরান ড্যারেন সামির ক্যাচ বানিয়ে, রোহিত শর্মা উইকেটের পেছনে ক্যাচ দেন দিনেশ রামদিনকে। খুব দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেলার পর ভারতকে পথ দেখান বিরাট কোহলি। দারুণ ফর্মে থাকা কোহলি অবশ্য নিজের সংগ্রহকে ৩৩-এর বেশি নিতে পারেননি। আন্দ্রে রাসেলের বলে লং লেগে তিনি ক্যাচ দেন মারলন স্যামুয়েলসকে। এরপর দলীয় ৭৮ রানে রাহানেও স্মিথের বলে কোহলির পদাঙ্ক অনুসরণ করেন। দুজন আলাদা হওয়ার আগে অবশ্য তৃতীয় উইকেট ৪৩ রানের একটি কার্যকর জুটি গড়েছিলেন।
৭৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর বিপর্যয়ের মুখে ভারতীয় ইনিংস মেরামতের কাজটি সারেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজাকে এর মধ্যে হারাতে হয় ভারতকে। ধোনি পঞ্চম উইকেটে রায়না, ষষ্ঠ উইকেটে জাদেজা ও সপ্তম উইকেটে রবিচন্দন অশ্বিনকে সঙ্গে নিয়ে তিনটি ছোট ছোট জুটি গড়ে ভারতকে নিয়ে যান জয়ের বন্দরে। ১৩৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর অশ্বিনকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ধোনির গড়া অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিটিই মূলত নিশ্চিত করে ভারতের জয়। ৪৫ রানে অপরাজিত থাকেন ধোনি, ১৬ রানে অশ্বিন। এর আগে রায়না করেন ২২ আর জাদেজা ১৩। রাহানে ফিরেছিলেন ১৪ রানে।
ক্যারিবীয় বোলারদের মধ্যে জেরম টেলর ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নিয়েই মূলত জমিয়ে দিয়েছিলেন খেলাটা। সূত্র: স্টার স্পোর্টস।