আটলান্টিকে সাইক্লোন, সমুদ্রযাত্রা নিয়ে আতঙ্কিত বাংলাদেশ দল

মাঠের পারফরম্যান্সের পর আবহাওয়া নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানেন তো, হ্যারিকেন আসছে’—কাল ম্যাচ শেষে মাঠেই বাংলাদেশ দলের এক সদস্যের মুখে কথাটা শুনলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং আবহাওয়ার পূর্বাভাস দেখে পরে জানা গেছে, ঠিক হ্যারিকেন না হলেও আটলান্টিকে সাইক্লোন উঠতে যাচ্ছে। যেটির প্রভাব সেন্ট লুসিয়ায় আরো বেশি করে পড়তে শুরু করবে আজ মঙ্গলবার রাত থেকেই।

সেন্ট লুসিয়া সরকারের অবকাঠামো, বন্দর, যোগাযোগ, উন্নয়ন এবং গ্রামাঞ্চল বিষয়ক মন্ত্রণালয় কালই এই সাইক্লোনের ব্যাপারে সতর্কবার্তা জানিয়ে সংবাদবিজ্ঞপ্তি দিয়েছে।

ঝড়ের সতর্কবার্তা.pdf

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রে সৃষ্ট একটি সাইক্লোন আজকের মধ্যে যে কোনো সময় সেন্ট লুসিয়ার ওপর দিয়ে বয়ে যেতে পারে এবং তাতে আবহাওয়ার ব্যাপক অবনতি ঘটতে পারে। এর ফলে বজ্রপাতসহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র হয়ে উঠতে পারে উত্তাল। এ সময়ে সমুদ্রের ঢেউ ১১ থেকে ১৩ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে।

আরও পড়ুন
এমন ফেরিতে করেই যেতে হয় ডমিনিকায়
ছবি: টুইটার

সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিনের ভারী বৃষ্টিও আসলে এই ঝড়েরই প্রভাবে। দেশটির মেট্রোলজিক্যাল সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী এই বৈরী আবহাওয়া থাকতে পারে আরও দুই-একদিন। সে জন্য আজ মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত জরুরি আবহাওয়া সতর্কবার্তাও জারি করছে তারা।

সাইক্লোনের প্রভাব পড়তে পারে আটলান্টিক পাড়েরই আরেক দেশ ডমিনিকায়ও, যেটি বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য। আর সে কারণেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সঙ্গে সম্পৃক্ত সবার জন্যই খবরটা উদ্বেগজনক।

ঝড়-বৃষ্টিতে সেন্ট লুসিয়া টেস্টের মতো ডমিনিকায় ২ ও ৩ জুলাইর দুটি টি-টোয়েন্টি ম্যাচ তো বিঘ্নিত হতে পারেই, আসল ভয়—এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই যে কাল ফেরিতে সেন্ট লুসিয়া থেকে আটলান্টিক পাড়ি দিয়ে বাংলাদেশ দলকে যেতে হবে সাইক্লোনের সম্ভাব্য কবলে থাকা আরেক দ্বীপ ডমিনিকায়!

শুধু বাংলাদেশ দলই নয়, ওয়েস্ট ইন্ডিজ দলসহ সিরিজ সংশ্লিষ্ট বেশির ভাগ মানুষেরই যাত্রী হওয়ার কথা ওই বিশেষ ভাড়া করা ফেরিতে।

আরও পড়ুন
ঝড়ের সম্ভাব্য গতিপথ, সেন্ট লুসিয়ার পাশ দিয়েই যাবে সাইক্লোন
ছবি: টুইটার

সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাওয়ার সহজ উপায় অবশ্য সমুদ্র পথই। বিমানে যেতে হলে অ্যান্টিগা ঘুরে অনেক সময় নিয়ে যেতে হয়। আর সরাসরি যেসব বিমান আছে, সেগুলো খুবই ছোট। টিকিটও দুষ্প্রাপ্য এবং ব্যয়বহুল। সেন্ট লুসিয়ার মানুষ তাই আটলান্টিক পাড়ি দিয়ে ফেরিতেই ডমিনিকা যায়। কিন্তু গতকালের জরুরি আবহাওয়া বার্তার পর তারাও সেই সাহস করবেন কিনা কে জানে!

সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি পোর্ট থেকে বিশেষ ফেরিটি ছাড়ার কথা আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায়। এমনিতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাওয়ার পথে যাত্রীবাহী ফেরিগুলো মার্টিনিক নামে আরেকটা ছোট দ্বীপ ছুঁয়ে যায়। সব মিলিয়ে যাত্রাটা পাঁচ-সাড়ে পাঁচ ঘণ্টার মতো।

তবে সিরিজ সংশ্লিষ্টদের জন্য ভাড়া করা ফেরির ব্যবস্থা হয়েছে বলে সেটি মার্টিনিক হয়ে নাও যেতে পারে। সে ক্ষেত্রে ডমিনিকা যেতে সময় কিছু কম লাগার কথা। তারপরও ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে সমুদ্রযাত্রা সবার মধ্যেই ব্যাপক উদ্বেগ ছড়াচ্ছে।

আরও পড়ুন
চার দিনেই শেষ হয়েছে সেন্ট লুসিয়া টেস্ট
ছবি: এএফপি

ঝড়-বৃষ্টির কারণে উদ্বেগটা বেড়ে গেলেও এই সমুদ্রযাত্রা নিয়ে বাংলাদেশ দলের মধ্যে ‘সি-সিকনেস’ বা ‘মোশন সিকনেসে’র ভয় আগে থেকেই ছিল। এমন সমুদ্র অভিযানের পূর্ব অভিজ্ঞতা তো কারওই নেই। সমুদ্রের বড় বড় ঢেউয়ে যখন ফেরি দুলে উঠবে, কী হবে তখন? যদি সত্যি সত্যি ‘মোশন সিকনেস’ পেয়ে বসে! কী হয় এটা হলে, সবার মধ্যে এখন এই এক জল্পনা-কল্পনা। স্থানীয়রা পরামর্শ দিচ্ছেন, ফেরিতে ওঠার ৩০-৪০ মিনিট আগে যেন অবশ্যই দুটো করে ‘মোশন সিকনেস’ এড়ানোর ট্যাবলেট খেয়ে নেন সবাই।

এমন পরিস্থিতিতে কথা উঠেছে, বিসিবি কেন ডমিনিকায় ম্যাচ খেলতে রাজি হলো? ঝড়টা না হয় আকস্মিক প্রাকৃতিক দূর্যোগ, কিন্তু বিমান স্বল্পতার কারণে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় যাওয়াটা তো এমনিতেই মহা হ্যাপার! উদ্ভূত পরিস্থিতিতে দু-একজন ক্রিকেটার নাকি যাত্রাপথের কষ্ট স্বীকার করে হলেও বিমানেই ডমিনিকা যেতে চাচ্ছেন।

আরও পড়ুন
ধারাভাষ্যকক্ষে থাকা অ্যামব্রোসদের মধ্যেও দুশ্চিন্তা ঝড় নিয়ে
ছবি: এএফপি

সমুদ্রযাত্রা নিয়ে ভয় আছে ধারাভাষ্য কক্ষেও। যে ছয়জন ধারাভাষ্যকার এবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেলিভিশন ধারাভাষ্য দিচ্ছেন তাদের মধ্যে বাংলাদেশের আতহার আলী খান ছাড়া সবাই ওয়েস্ট ইন্ডিজের। কার্টলি অ্যামব্রোস, ইয়ান বিশপের মতো নামও আছে সেখানে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মানুষ হলে কী হবে, ‘সেন্ট লুসিয়া টু ডমিনিকা’ সমুদ্রযাত্রা নিয়ে আতঙ্ক তাদের মধ্যেও! বিশ্বস্ত সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের দুজন ধারাভাষ্যকার নাকি এরই মধ্যে সম্প্রচারকারীদের জানিয়ে দিয়েছেন, বিমানে ডমিনিকা যাওয়ার ব্যবস্থা না হলে তারা সেখানকার টি-টোয়েন্টি ম্যাচ দুটিতে ধারাভাষ্য দিতে যাবেন না।

আরও পড়ুন

স্বয়ং আটলান্টিক পাড়ের মানুষেরাই যখন সমুদ্রযাত্রা নিয়ে শঙ্কিত, তখন অন্যদের অবস্থা ভাবুন। তারওপর এখন চলছে আবহাওয়ার জরুরি সতর্কবার্তা!

অবশ্য সাকিব আল হাসান ব্যতিক্রম কিনা কে জানে। সমুদ্রপথে এ রকম ৪-৫ ঘণ্টা ভ্রমণের অভিজ্ঞতা আছে কিনা জানতে চাইলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক কাল উল্টো বললেন, ‘অভিজ্ঞতা নেই তো কি হয়েছে, অভিজ্ঞতা হবে। কখনো সমুদ্রপথে যাইনি, এবার যাব। সমস্যা কি!’

অবশ্য সাকিব তখনো সেন্ট লুসিয়া সরকারের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসটা জানতেন কিনা, সেটি জানা যায়নি।