আতহারের দেখা অন্য বাংলাদেশ

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে নেই কোনো বাংলাদেশি কণ্ঠস্বর। যিনি থাকতে পারতেন, সেই আতহার আলী খান এবার বাংলাদেশের ম্যাচগুলোতে কেবলই দর্শক। তবে ধারাভাষ্যকক্ষে না থাকলেও গ্রুপ পর্বে বাংলাদেশের খেলা পাঁচ ম্যাচের চারটিই দেখেছেন মাঠে বসে। ১০ মার্চ দেশে ফিরে আসায় ছিলেন না শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের ম্যাচে।
তা আতহার কেমন দেখে এলেন বিশ্বকাপের বাংলাদেশ দলকে? উত্তরটা এককথায় দিতে পারেননি বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার ও সাবেক নির্বাচক। দেওয়ার উপায়ও নেই। মাঠ আর মাঠের বাইরে মাশরাফি বিন মুর্তজার দলটা তাঁকেও তো কম বিস্ময় উপহার দেয়নি! কাল মুঠোফোনে বলছিলেন, ‘পুরো বদলে যাওয়া একটা দল দেখে এলাম। এত বড় একটা টুর্নামেন্ট খেলছে, অথচ কী নির্ভার সবাই! বিশ্বকাপটা যেন তাদের কাছে ঘরোয়া ক্রিকেট। সবাই খুব উপভোগ করেছে।’
দ্বিপাক্ষিক সফরে ধারাভাষ্য দিতে গিয়ে অনেক সময় টিম হোটেলেই থাকেন। খেলোয়াড়দের তখন আরও কাছ থেকে দেখার সুযোগ মেলে আতহারের। কিন্তু এবার তিনি দর্শক হয়ে যাওয়ায় দলের কাছ থেকে একটু দূরেই থাকতে হয়েছে। তার পরও অনুশীলন বা ম্যাচ শেষে মাঠে, এই শহর থেকে ওই শহরে যাওয়ার সময় বিমানবন্দরে, কিংবা কোনো অনুষ্ঠানে ঠিকই পেয়ে গেছেন ক্রিকেটারদের দেখা। সেই অভিজ্ঞতাও দারুণ, ‘যেখানেই গেছি, ওদের খুব ফুরফুরে মেজাজে দেখেছি। সবার মুখে সব সময়ই হাসি। চাপ জিনিসটাই নেই। ওদের যেন একটাই চিন্তা, ভালো খেলতে হবে।’
এটা হলো মাঠের বাইরের বাংলাদেশ দল। আতহারের চোখে এবার মাঠের ক্রিকেটেও ধরা পড়েছে বাংলাদেশ দলের অন্য চেহারা, ‘সবাই দায়িত্ব নিতে চাচ্ছে, এটিকেই সবচেয়ে বড় পরিবর্তন মনে হয়েছে আমার কাছে। একজন ব্যর্থ হলে আরেকজন এগিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থেই ওরা একটা দল হয়ে খেলছে। একটা পরিবার হয়ে উঠেছে।’
আতহারের কথার প্রমাণ দেয় বাংলাদেশের ম্যাচের স্কোরকার্ডগুলোই। ব্যাটিংয়ের কথাই ধরা যাক। ওপেনিংয়ে এখন পর্যন্ত একটিও বড় জুটিও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে তামিম-এনামুলের ৪৭ রানের পর উদ্বোধনী জুটি ভেঙেছে দুই অঙ্কের আগেই। তার পরও এই বিশ্বকাপে আগে ব্যাট করা তিন ম্যাচেই দলের রান আড়াই শর ওপরে। পরে ব্যাট করে দুই ম্যাচের একটিতে তো স্কটল্যান্ডের ৩১৮ রানও টপকানো গেল ১১ বল হাতে রেখে!
‘৩১৮ অনেক বড় স্কোর। যেকোনো দলের বিপক্ষেই এই রান তাড়া করে জেতা বড় ব্যাপার’—বলছিলেন আতহার। এই ম্যাচের তামিমকে নিয়ে বললেন আলাদা করে, ‘অনেকে তামিমের সমালোচনা করছে। অথচ স্কটল্যান্ডের বিপক্ষে চাপের মধ্যেও ওর ৯৫ রানই জয়ের ভিত গড়ে দিয়েছিল।’
আতহারের চোখে এখন পর্যন্ত দলের সেরা দুই পারফরমার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। অবশ্য মুশফিকের ব্যাটিং নাকি তাঁকে মোটেও অবাক করেনি, ‘সব সময়ই বলে আসছি মুশফিকের ছয় নম্বরে খেলা আমার পছন্দ নয়। ওর আরও আগে আসা উচিত। বিশ্বকাপে সেও তা প্রমাণ করেছে।’ তবে মাহমুদউল্লাহ ছাড়িয়ে গেছেন আতহারের প্রত্যাশা, ‘আমার ধারণাকে ভুল প্রমাণ করেছে মাহমুদউল্লাহ। চার নম্বরে নেমেও পরিস্থিতির সঙ্গে দারুণ মানিয়ে নিচ্ছে সে।’
মাঠে না থাকলেও ১৯ মার্চের ম্যাচে দলের প্রতি আতহারের সমর্থন থাকবে আগের মতোই। ফেসবুকের মাধ্যমে মাশরাফির দলকে তো এরই মধ্যে জানিয়ে দিয়েছেন অভিনন্দনবার্তা, ‘এবারের বিশ্বকাপে আমরা আর কোনো ম্যাচ না জিতলেও গোলাপের তোড়া নিয়েই হজরত শাহজালাল বিমানবন্দরে হাজির থাকব আমি। দ্বিধাহীনভাবেই কাঁধে তুলে নেব টাইগারদের।’