আতহারের নতুন চ্যালেঞ্জ
জাতীয় দলের নির্বাচক ছিলেন একসময়। এবার মহিলা ক্রিকেটেরও দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। কাল আনুষ্ঠানিকভাবে তাঁকে এই দায়িত্ব দিয়েছে বিসিবি।
কাল সন্ধ্যায় নতুন দায়িত্ব পাওয়ার কথা মুঠোফোনে নিশ্চিত করেছেন আতহার। এটাকে তিনি নিচ্ছেন নতুন চ্যালেঞ্জ হিসেবে, ‘মেয়েদের ক্রিকেট থেকে আমরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাচ্ছি না। আমার চেষ্টা থাকবে মেয়েদের ক্রিকেটের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখতে। এটা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। বোর্ড যখন দায়িত্ব দিয়েছে, চেষ্টা করে দেখি কী করতে পারি।’ বিসিবি থেকে কাল চিঠি পেলেও দায়িত্বটা কত দিনের জন্য, সেটা রাত পর্যন্ত জানতেন না বলে জানিয়েছেন সাবেক এই খেলোয়াড়, ‘এখনো বিস্তারিত কিছুই জানি না। কাল (আজ) সকালে বিসিবিতে গেলে জানব।’
দায়িত্ব পাওয়ার পর আতহারের প্রথম কাজ হবে আগামী সেপ্টেম্বরের আয়ারল্যান্ড সফরের জন্য মেয়েদের দল নির্বাচন করা। দুই ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির জন্য কাল ২২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। অনুশীলন ক্যাম্প শুরু হবে আজ থেকেই।
মেয়েদের প্রাথমিক দল:সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, লতা মণ্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার, শায়লা শারমিন, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজা তুল কুবরা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহানা হাসনাত, সুমনা আক্তার।