আত্মঘাতী বোমা ও গাড়ি দুর্ঘটনার ঝড় আফগান ক্রিকেটে
বেশ বড় ঝড়ই বয়ে গেল আফগানিস্তান ক্রিকেটের ওপর দিয়ে। কাল দেশটির নাঙ্গারহার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় আফগান আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি নিহত হয়েছেন বলে খবর রটেছে। এদিকে নাঙ্গারহারেই গাড়ি চাপায় গুরুতর আহত হয়েছেন আফগান ক্রিকেটার নজিবউল্লাহ তারাকাই।
নাঙ্গারহারের গানখিলে গাড়ি বোমা হামলায় ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬টি ওয়ানডে ও ৬টি টি–টোয়েন্টি ম্যাচ পরিচালনা করা আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারিও ছিলেন বলে খবর বেরিয়েছে। এই বিস্ফোরণে তাঁর পরিবারের ৭ সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে এই হামলায় শেনওয়ারি নিহত হয়েছেন কিনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
আফগান ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন পরিচিত মুখ। ২০১৭ সালে গাজী আমানউল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে এবং ২০১৭-১৮ মৌসুমে শাহ আবদালি চার দিনের ম্যাচের টুর্নামেন্টে আম্পায়ারিং করেন শেনওয়ারি। নাঙ্গারহার প্রদেশের গানখিল থেকে উঠে এসেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।
এদিকে নাঙ্গারহারের পশ্চিমে একটি মুদিখানা দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন নজিবউল্লাহ। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়ার পর নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আবদুলরহিমজাই জানান, নজিব সুস্থ হয়ে ফিরতে পারবেন কি না—তারা এখনো নিশ্চিত নন। আবদুলরহিমজাই কাল সংবাদমাধ্যমকে বলেন, ‘কাল (পরশু) গাড়ির ধাক্কায় মারাত্মক আহত নজিবউল্লাহ। তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। অবস্থা ভালো না, চিকিৎসক জানিয়েছেন চোটটা মারাত্মক। জানি না তার কপালে কী আছে।’
২০১৪ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল নজিবউল্লাহর। গত বছর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। ২৯ বছর বয়সী এ ওপেনারের ওয়ানডে অভিষেক তিন বছর আগে। ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।