আত্মজীবনী না বোমা?

আত্মজীবনীর নিয়মই হলো, প্রকাশের আগেই এর কিছু অংশ চলে আসবে সংবাদমাধ্যমে। পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় উঠবে। তাতেই তা হু হু করে বিকোনোর প্রেক্ষাপট তৈরি হবে। এই ‘নিয়ম’ মেনেই যেন কেভিন পিটারসেনের আত্মজীবনী বাজারে আসার আগেই শুরু হয়ে গেছে তোলপাড়।
ইংল্যান্ড ক্রিকেট দল নাকি উৎপীড়নের স্বর্গরাজ্য। দলের জুনিয়র খেলোয়াড়েরা কিছু সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে এমন উৎপীড়নের শিকার হন, যা অনেক সময়ই সীমা ছাড়িয়ে যায়। ইংল্যান্ড দলে ভীতিকর সংস্কৃতি গড়ে তুলেছিলেন সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ভয় দেখিয়ে দল চালাতেন। ফ্লাওয়ারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে পিটারসেনকে। এমন বিস্ফোরক সব তথ্যে ঠাসা আত্মজীবনী প্রকাশের আগেই পিটারসেনের পক্ষে-বিপক্ষেও দাঁড়িয়ে গেছেন অনেকে।
আনুষ্ঠানিকভাবে পিটারসেনের এ বিতর্কিত আত্মজীবনী বাজারে আসার কথা আজ। তবে তার আগে গত সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সেটির চুম্বক অংশ নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ইংলিশ ব্যাটসম্যান। সাক্ষাৎকারেই পিটারসেন কথা বলেছেন ইংল্যান্ড দলে উৎপীড়নের সংস্কৃতি নিয়ে। তাঁর অভিযোগ, ইংলিশ বোলার গ্রায়েম সোয়ান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, উইকেটরক্ষক ম্যাট প্রায়রের মতো আরও কয়েকজন মাঠে সহ-খেলোয়াড়দের বিভিন্ন ভুলে খুব বাজে প্রতিক্রিয়া দেখাতেন। মিস ফিল্ডিং বা ক্যাচ মিসের পর গালাগালি করতেন। একবার টিম মিটিংয়ে নাকি ব্রড, অ্যান্ডারসন ও প্রায়রের ওপর প্রচণ্ড খেপে গিয়েছিলেন পিটারসেন, ‘আমি সেই মিটিংয়ে বলেছিলাম ভুলভ্রান্তি খেলায় হতেই পারে। কিন্তু কোনো ভুলের জন্য কেউ যেন কাউকে কোনোভাবেই অপমান বা নাজেহাল না করে। এর উত্তরে ব্রড-প্রায়র-অ্যান্ডারসনরা বলেছিল, ক্যাচ পড়ে গেলে অন্যদের উচিত তাদের কাছে ক্ষমা চাওয়া—এ কথার পর আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। মনে মনে বলেছিলাম, তোমরা কে? যে প্রাণ দিয়ে খেলছে সে কেন তোমাদের কাছে ক্ষমা চাইবে? তোমরা কি ভুলের ঊর্ধ্বে? তোমরা কি ক্যাচ ফেল না, ওয়াইড বল কর না?’
পিটারসেনের দাবি, কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের বিরাগভাজন হওয়ার কারণেই ইংল্যান্ড দলে বারবার সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। তাঁর মতে, ফ্লাওয়ার দলে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন। যেটির প্রতিবাদ করায় শূলে চড়ানো হয়েছে তাঁকে, ‘আমি তাঁকে (ফ্লাওয়ার) অনেকবার বলেছি, তুমি চাও, দলের খেলোয়াড়েরা তোমাকে প্রচণ্ড ভয় পাক। তবে অ্যান্ডি জেনে রেখো, আমি তোমাকে ভয় পাই না। সে কথাটা পছন্দ করেনি।’
তবে এই আত্মজীবনী নিয়ে যখন ইংল্যান্ড তোলপাড়, তখনই ফাঁস হয়েছে ইংল্যান্ড ড্রেসিংরুমে পিটারসেনের আচরণ নিয়ে বোর্ডকে লেখা ফ্লাওয়ারের একটা ই-মেইলের খসড়া। দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে বাজে আচরণ, বাজে শট খেলে ‘কিছুই হয়নি’ ভাব করে সাজঘরে ফেরা, সতীর্থদের সঙ্গে অযথাই ঝগড়া বাধিয়ে দেওয়া—পিটারসেনের এমন অনেক আচরণের কথা আছে যে ই-মেইলে। আছে ইংল্যান্ড দলের ড্রেসিংরুম সংস্কৃতি তাঁর দেখা অন্যতম সেরা বলে পিটারসেনের মন্তব্যও।
তবে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, আত্মজীবনীতে লেখা কিছু কিছু ব্যাপারে পিটারসেনের পক্ষে কথা বলেছেন একসময় তাঁর প্রতিপক্ষ ও সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। সিডনি ডেইলি টেলিগ্রাফকে পন্টিং বলেছেন, তিনি নাকি কয়েকজন ইংলিশ ক্রিকেটারকে মাঠে জুনিয়রদের সঙ্গে বাজে আচরণ করতে দেখেছেন, ‘আমরা অনেককেই এটা করতে দেখেছি। অ্যান্ডারসন তো সব সময়ই এ রকম, আর সোয়ান।’
যাঁদের বিরুদ্ধে পিটারসেনের এ অভিযোগ তাঁদের একজন সোয়ান বলেছেন, ‘আমি আশা করেছিলাম জুল ভার্নের পর এটাই সবচেয়ে বড় কল্পকাহিনি হবে, হয়েছেও তা-ই। ম্যাট প্রায়রের চরিত্রটা সে যেভাবে তুলে ধরেছে, তাতেই আমি বুঝেছি এটা ছাইপাঁশ ছাড়া আর কিছু নয়।’ এএফপি, রয়টার্স।