আত্মজীবনীতে অকপট ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এ যুগের সেরা ব্যাটসম্যান কে? সবার আগে এবি ডি ভিলিয়ার্সের নামটিই মাথায় আসে। বয়স ৩২, এখনো দক্ষিণ আফ্রিকার মূল ব্যাটিং স্তম্ভ। অবসরের ভাবনাটাই তাঁর মনের চৌহদ্দিতে আসেনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক লিখে ফেললেন আত্মজীবনী, এবি: দ্য অটোবায়োগ্রাফি।
আত্মজীবনীতে এবি একেবারেই অকপট। বলেছেন নিজের স্বপ্নের কথা, প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে একটি বিশ্বকাপ জয়ের আকুতি, বলেছেন ক্যারিয়ারে আক্ষেপের গল্পগুলোও। ২০১৫ সালেই নাকি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হতে পারত তাঁর। এ বিশ্বকাপ হাতছাড়া হওয়াটাই তাঁর সবচেয়ে বড় হতাশার নাম। আত্মজীবনীর ‘স্বপ্ন’ অধ্যায়ে এ নিয়ে লিখতে গিয়ে দক্ষিণ আফ্রিকার আলোচিত কোটাপদ্ধতির কথা উঠে এসেছে। এবি জানিয়েছেন, কীভাবে সেমিফাইনালের আগে দল নির্বাচন নিয়ে ছোটখাটো নাটক হয়েছিল প্রোটিয়া ড্রেসিংরুমে।
কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নকআউট পর্বে প্রথম জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দলের সবাই ধরেই নিয়েছিল, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই দলটিই খেলবে। কিন্তু ম্যাচের আগের দিন ডি ভিলিয়ার্সকে জানানো হয়, ভারনন ফিল্যান্ডার সুস্থ হয়েছেন এবং কাইল অ্যাবটের বদলে সেমিতে থাকবেন তিনিই।
ডি ভিলিয়ার্স লিখেছেন, তিনি আগেই জানতেন দলের মূল খেলোয়াড়দের কেউ চোট থেকে ফিরলে কোনো চিন্তাভাবনা ছাড়াই জায়গা ফিরে পাবেন। তা ছাড়া ফিল্যান্ডার অশ্বেতাঙ্গ হওয়ায় তাঁর দলে ঢোকাটা নিশ্চিত ছিল। এ ছাড়া নির্বাচকেরা ভেবেছিলেন, নিউজিল্যান্ডের পিচে ফিল্যান্ডার ভালো করবেন। তবে ডি ভিলিয়ার্সের ধারণা, ‘ওই দিন অন্য বিষয়গুলোও ভেবে দেখা যেত।’
‘আমাদের নিশ্চিত করা হয়েছিল, দেশের একমাত্র সংস্থা হিসেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা কোনো নির্দিষ্ট কোটা পদ্ধতি বেঁধে দেবে না। তবে ভারসাম্য রাখার জন্য অন্তত চারজন অশ্বেতাঙ্গ থাকবে, এটা আমরা ধরেই নিয়েছিলাম। ফলে কী হলো? ভারননকে (যিনি অশ্বেতাঙ্গ) বেছে নেওয়া হলো কাইলের (যিনি শ্বেতাঙ্গ) বদলে, যাতে সেমিফাইনালে চারজন অশ্বেতাঙ্গ থাকে? নাকি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?’
ডি ভিলিয়ার্স নিজে এ প্রশ্নের উত্তর দিতে চাননি, তবে এ নিয়ে নিজের দুঃখের কথা বলেছেন, ‘আমার খুব মন খারাপ হয়, যখন দেখি সেকেলে বর্ণবাদী মাপকাঠিতে সতীর্থদের মাপতে হচ্ছে। আমাদের দলে তিনজন অশ্বেতাঙ্গ খেলোয়াড় খেলল, নাকি চারজন, তাতে কি আসলে কারও কিছু যায় আসে?’
দক্ষিণ আফ্রিকা ওই ম্যাচে শেষ বলে হারে এবং ডি ভিলিয়ার্স হারের দায় পুরো দলেরই কাঁধেই ফেলেছেন, ‘কাইলের বদলে ভারননকে নেওয়ায় আমরা হারিনি। পাঁচটি সুযোগ—দুটি ক্যাচ ও তিনটি রানআউটের সম্ভাবনা নষ্ট হওয়াতেই হেরেছি আমরা।’ ক্রিকইনফো।