আত্মপক্ষ সমর্থন আফ্রিদির

বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। শহীদ আফ্রিদি নিশ্চয়ই সেটা ভালোমতো টের পাচ্ছেন। পাকিস্তানের চেয়ে ভারতে বেশি ভালোবাসা পান—আফ্রিদির এমন মন্তব্যে তোলপাড় হয়ে গেছে পাকিস্তানে। শেষ পর্যন্ত আত্মপক্ষ সমর্থন করতে মুখ খুলতে হলো পাকিস্তান অধিনায়ককে।
নিজের ফেসবুক পেজে জন লেননের বিখ্যাত উক্তি উদ্ধৃত করে আফ্রিদি লিখেছেন, ‘আমরা যদি আরেকটা টেলিভিশন সেটের বদলে শান্তি নিয়েই মাথা ঘামাই, তাহলেই শান্তি পাব। দুঃখের বিষয়, কিছু সাংবাদিকের জন্মই হয় একটা নির্দোষ কথা ইচ্ছা করে ভুল ব্যাখ্যা করার জন্য। ইতিবাচক হোন, সৎ থাকুন।’
পিসিবির দেওয়া এক অডিও বার্তায় পরে নিজের কথা আরও পরিষ্কার করেছেন আফ্রিদি। তাঁর দাবি, পাকিস্তানি ভক্তদের ছোট করার জন্য কিছু বলেননি, ‘আমি তো শুধু পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক নই, সব পাকিস্তানিরই প্রতিনিধিত্ব করছি। আর কেউ যদি আমার মন্তব্যটা ইতিবাচকভাবে দেেখন, তাহলে দেখবেন আমি পাকিস্তানি ভক্তদের নিয়ে কিছুই বলিনি।’
আফ্রিদির কথা, ভারতে এসে নিজের ভালো লাগাটাই শুধু বলতে চেয়েছিলেন, ‘আমাকে এক সাংবাদিক একটা প্রশ্ন করেছিলেন। আমি ইতিবাচকভাবেই উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমি জানি, আমি যেটা বলব, সেটা পুরো বিশ্ব শুনবে। আমরা যে ভারতে এসে খেলাটা উপভোগ করছি, সেটাই আমি বাকি সবাইকে বলতে চেয়েছি।’ পূর্বসূরিদের কথা মনে করিয়ে দিয়ে আফ্রিদি বলেছেন, ‘ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস বা ইনজামাম উল হককে জিজ্ঞেস করুন, ভারতে কতটা সম্মান পেয়েছেন, সেটা তাঁরাই বলবেন। আপনি ইমরান খানকে জিজ্ঞেস করুন, ক্রিকেট এখানে একটা ধর্ম।’
ভারত-পাকিস্তানের জমে থাকা বরফটা যে ক্রিকেটের মাধ্যমেই কমছে, সেটাও আফ্রিদি মনে করিয়ে দিতে ভুললেন না, ‘আমার কথাটা তো এক অর্থে কূটনৈতিক উত্তর ছিল। কারণ ক্রিকেট সবাইকে এক কাতারে নিয়ে আসছে। পাকিস্তান-ভারত সম্পর্কও ক্রিকেটের কারণেই একটু চাঙা হচ্ছে।’
ইমরান খান, সুনীল গাভাস্কারদের মতো সাবেকেরা তো আছেনই, কোচ ওয়াকার ইউনুসকেও পাশে পেয়েছেন আফ্রিদি। কিন্তু তাতে কি তাঁকে নিয়ে পাকিস্তানের সমালোচনা থামবে? এএফপি।