আত্মবিশ্বাস কম থাকায় রোহিতের মতো আগ্রাসী হতে পারেননি গাভাস্কার

সময়ের তো বটেই, ইতিহাসেরও অন্যতম সেরা ওপেনার হয়ে উঠেছেন রোহিত শর্মা।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ১০ হাজার রানের মাইলফলক পেরোনোর অভিজ্ঞতা কেমন, ধরাধামে সে অভিজ্ঞতা তাঁরই সবার আগে হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের একটা প্রজন্মের কাছে ব্যাটিংয়ের ‘গাইডবুক’ ছিলেন সুনীল গাভাস্কার। তাঁর দেখানো পথে ভারতের ব্যাটিং দিনে দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে, তা দেখে ভারতীয় ব্যাটিং কিংবদন্তির গর্বও কম হয় না। তাঁর পর শচীন টেন্ডুলকাররা এসেছিলেন, এ যুগে ভারতের ব্যাটিংয়ের গর্ব হয়ে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

এঁদের মধ্যে রোহিতের ব্যাটিংয়ের ধরনটা খুব বেশি পছন্দ গাভাস্কারের। এতটাই যে, গাভাস্কার বলছেন, রোহিতের মতো এমন আগ্রাসী ব্যাটিং করতে পারলে ভালো লাগত তাঁর।

রোহিত শর্মাকে যেভাবে ওয়ানডেতে, টেস্ট ক্রিকেটে ব্যাটিং উদ্বোধন করতে দেখেন, প্রথম ওভার থেকেই মারতে শুরু করে...আমি সব সময় মনে মনে ওরকমই করতে চেয়েছি।
সুনীল গাভাস্কার, ভারতীয় ব্যাটিং কিংবদন্তি

এ যুগে রোহিত যে সেরা ওপেনারদের একজন, তা নিয়ে কোনো সংশয় নিশ্চয়ই কারও নেই। পরিসংখ্যানও সে সাক্ষ্য দেয়। ২০১৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ৯৭টি ওয়ানডেতে ৬২.৩৬ গড়ে রান করেছেন, স্ট্রাইক রেট ৯৫.৪৪। ২৪টি সেঞ্চুরিও আছে। এই মুহূর্তে ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও তিনি, তা-ও তিন-তিনটি ডাবল সেঞ্চুরি তাঁর। এর মধ্যে একটি ২৬৪ রানের—ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস! শিখর ধাওয়ানের সঙ্গে মিলে ওয়ানডেতে সফলতম ওপেনিং জুটির রেকর্ডও গড়েছেন রোহিত। আর টেস্ট? গত মৌসুম থেকে তাঁকে টেস্ট ওপেনিংয়েও ধীরে ধীরে গড়ে তুলছে ভারত। সেখানেও কী দারুণই না করছেন রোহিত! পাঁচ ম্যাচে তিন সেঞ্চুরি।

ওয়ানডে ওপেনিংয়ে গাভাস্কারের রেকর্ডও কী খারাপ নাকি? ১০৮ ম্যাচে গড় ৩৫.১৩। স্ট্রাইক রেট ৬২.২৬। কিন্তু তাঁর এই রেকর্ড এসেছে সত্তর-আশির দশকে, ওয়ানডে ক্রিকেটের শুরুর বছরগুলোতে। সে সময়ে তাঁর স্ট্রাইক রেট হয়তো সেভাবে বাঁকা চোখে কেউ দেখেননি। তবে গাভাস্কারের মনে হচ্ছে, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস থাকলে আরও দ্রুতগতিতে রান তুলতে পারতেন।

ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে’র ই-ইনস্পিরেশন সিরিজের অংশ হিসেবে নেওয়া সাক্ষাৎকারে যেন সেই আক্ষেপ ঝরল গাভাস্কারের, ‘রোহিত শর্মাকে যেভাবে ওয়ানডেতে, টেস্ট ক্রিকেটে ব্যাটিং উদ্বোধন করতে দেখেন, প্রথম ওভার থেকেই মারতে শুরু করে...আমি সব সময় মনে মনে ওরকমই করতে চেয়েছি। কিন্তু পরিস্থিতি...আর অবশ্যই নিজের সামর্থ্যে বিশ্বাসের কমতি থাকার কারণে সেটা করতে পারিনি।’

নিজে না পারলেও ভারতের এখনকার ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং তৃপ্তি দেয় গাভাস্কারকে, ‘তবে যখন পরের প্রজন্মকে এমন আগ্রাসী ব্যাটিং করতে দেখি, এত আনন্দ হয়! পরের প্রজন্মের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখতে ভালো লাগে আমার, কারণ এখানে উন্নতিটা স্পষ্ট দেখতে পাই। ওরা কীভাবে পরের প্রজন্মের জন্য সীমাটা আরও উঁচুতে বেঁধে দিচ্ছে, সেটিও দেখতে পাই।’

ভারতীয় দলের আরও অনেক প্রসঙ্গ নিয়েই কথা বলেছেন গাভাস্কার। তাঁর চোখে, বিরাট কোহলির এই দল ভারতের সেরা, ‘আমার বিশ্বাস এই দলটা ভারতের টেস্ট ইতিহাসের সেরা। খেলোয়াড়দের দক্ষতা, ক্ষমতা, টেম্পারামেন্ট, দলের ভারসাম্য—সব দিক থেকেই। এর চেয়ে ভালো ভারতের কোনো টেস্ট দলের কথা মনে করতে পারছি না। এই দলের যেকোনো উইকেটে জেতার মতো বোলিং আক্রমণ আছে। এই বোলিং আক্রমণের পিচের সাহায্য লাগে না। ব্যাটিংয়ের দিক থেকে আশির দশকের দলগুলোর ব্যাটিংও এ রকমই ছিল। তবে বিরাটের হাতে যেমন বোলার আছে, ওই দলগুলোর তা ছিল না।’

এই দলের বোলিংয়ের, বিশেষ করে ফাস্ট বোলিংয়ের প্রশংসা তো করেছেনই। তবে যদি আরও উন্নতি দেখতে চান, তবে সেটি ব্যাটিংয়েই দেখতে চান গাভাস্কার, ‘সবাই বলে ২০ উইকেট নিতে না পারলে টেস্ট জেতা যায় না। আমাদের সেই বোলিং আছে যেটা দিয়ে আমাদের চেয়ে অন্তত এক রান কমে অস্ট্রেলিয়ার ২০ উইকেট নিতে পারব। তবে রানও করতে হবে। ইংল্যান্ডে ২০১৮ সালে দেখেছি, দক্ষিণ আফ্রিকায় ২০১৭ সালেও (দুটি সিরিজেই ভারত হেরেছে)। প্রতিবারই আমরা ২০ উইকেট নিয়েছিলাম, কিন্তু যথেষ্ট রান করতে পারিনি।’