আত্মবিশ্বাস ছিল জিততে পারব, বললেন মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বললেন, আজ ব্যাটিং অর্ডার রদবদল করা ছিল পূর্বপরিকল্পিত। ফাইল ছবি
মাশরাফি বললেন, আজ ব্যাটিং অর্ডার রদবদল করা ছিল পূর্বপরিকল্পিত। ফাইল ছবি

এমনিতে মাশরাফি মুর্তজার টস-ভাগ্য বলার মতো নয়। শিশির-তত্ত্ব থাকায় টসে জেতাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আজ টসে জিতলেন ঠিকই। তবে জিতে মাশরাফি মুর্তজা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। শেষ পর্যন্ত ম্যাচটা ৬৮ রানে জিতল বাংলাদেশ।
টসে জিতে আগে কেন ব্যাটিং? সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বললেন, ‘আত্মবিশ্বাস ছিল যে আমরা ব্যাটিং করেই জিততে পারব। আর আগের ম্যাচে শিশির ছিল না সেটা নিয়েও ভেবেছি। আগের ম্যাচে পরে ব্যাটিং করে উইকেটে অনেক টার্ন ছিল। তো একটু সমস্যা হলেও শিশির যদি একটু পড়েও সেই ঝুঁকিটা আমাদের নিতে হবে। যেহেতু তিনটা পেসার আছে। সেই জায়গা থেকে ঝুঁকি কিছুটা নিয়েছি। শিশিরে খেলা হলে কিছুটা ঝুঁকি থাকবেই।’
আজ ব্যাটিং অর্ডার নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মাশরাফি বললেন, ‘আমাদের সব চেয়ে ইনফর্ম ব্যাটসম্যান সাকিব ও মুশফিক। আমরা চাই যে ওরা সর্বোচ্চ ওভার খেলুক। উদ্বোধনী জুটি ২৭-২৮ ওভার খেলে ফেলেছে। এরপর দলের সেরা দুই ব্যাটসম্যানকে খেলাতেই দুজনকে আগে পাঠানো হয়েছিল। এটা পূর্বপরিকল্পিত ছিল। আরেকটা উদ্দেশ্য ছিল, তামিম ও বিজয় (এনামুল হক) একটা ভালো জুটি করবে বেশি সময় ধরে খেলবে। সে ক্ষেত্রে কিন্তু আমরা সফল।’
আজকের মতো মুমিনুলকে কি নিয়মিত সাতে খেলানো হবে? মাশরাফি অবশ্য এ সম্ভাবনা নাকচ করে দিলেন। বললেন, ‘মুমিনুল তিনেই খেলবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের যারা ফর্মে আছে অর্থাৎ যারা সব সময় রান করে থাকে যেমন সাকিব বা মুশফিক, তাদের খেলার জন্য একটা সময় দিতে হবে। যাতে থিতু হয়ে সামর্থ্য পুরোপুরি প্রয়োগ করতে পারে তারা। এ জন্য আসলে পরিকল্পনা করে ওদের আগে নেওয়া। আর মুমিনুল কিন্তু এর আগেও ক্যারিয়ারের শুরুর দিকে ৭ নাম্বারে নেমেছিল। আমি ওটা নিয়ে ভাবিনি। বিশ্বাস ছিল ও সাতে গেলেও রান করতে পারবে। মুমিনুল তার যোগ্যতা দেখিয়েছে। ওখানে গিয়েও সে রান করতে পেরেছে।’
ম্যাচসেরা হওয়া প্রসঙ্গে বিনম্র কণ্ঠে মাশরাফির জবাব, ‘প্রথমত ম্যাচটি জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা করতে পেরে বেশ ভালো লাগছে। কিছু জায়গায় উন্নতির দরকার ছিল সে সব জায়গায় ভালো হয়েছে। আর সর্বোপরি ম্যাচসেরা হলে তো সবারই ভালো লাগে।’