আত্মবিশ্বাস বাড়ানো জয়ে শুরু মিরাজদের

মেহেদী হাসান মিরাজের বলে শন হোয়াইহেডের উইকেট পড়ার পরই আনন্দের ঢেউ উঠল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত হলো ৪৩ রানের জয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে যেন প্রথম ম্যাচেই ‘চ্যাম্পিয়ন’ হয়ে গেল মিরাজরা!
তবে প্রোটিয়া যুবাদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয় নয়। গত এক বছরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে নিরঙ্কুশ জয় বাংলাদেশের যুবাদেরই। তাহলে কাল ম্যাচ শেষে কেন মিরাজদের অমন বাঁধভাঙা উচ্ছ্বাস? আসলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হওয়ায় বিষম চাপই জেঁকে বসেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপর। জয়ের পর অদৃশ্য সেই চাপ উড়ে যাওয়ায় শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ল টিম ম্যানেজমেন্ট, এমনকি বিসিবি কর্মকর্তাদের মধ্যেও।
প্রথম ম্যাচে পাওয়া জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দুয়ার অনেকটাই উন্মুক্ত হয়ে গেল বাংলাদেশের সামনে। কক্সবাজারে গ্রুপের অন্য দুই দল স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয় পাওয়া আনুষ্ঠানিকতামাত্র। এই দুই ম্যাচের যেকোনোটিতেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হার বিশাল অঘটনেরই নজির সৃষ্টি করবে।
তবে প্রোটিয়া যুবাদের বিপক্ষে জয় যত সহজ মনে হচ্ছিল, ততটা হয়নি। লিয়াম স্মিথ একাই কঠিন করে তুলছিলেন ম্যাচটা। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে এক প্রান্ত আগলে ছিলেন এই ওপেনার। অবশ্য ব্যক্তিগত ৫৬ রানে শর্ট ফাইন লেগে স্মিথের সহজ এক ক্যাচ ছাড়েন সাঈদ। পুরো ম্যাচে দারুণ ফিল্ডিং করা বাংলাদেশের যুবাদের ভুল বলতে ওই একটাই। স্মিথ শেষ পর্যন্ত সেঞ্চুরি করেছেন। তবে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে বিফলে গেছে তা। গত জুলাইয়ে দুই দলের সিরিজে স্মিথের অপরাজিত ৮৯ রানের সৌজন্যেই বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯।
অধিনায়ক মিরাজ দলের বিপদে ব্যাট হাতে বুক চিতিয়ে লড়তে পারেন। বল হাতেও ঘূর্ণিবিষে নাকাল করতে পারেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। কাল ফিল্ডিংয়েও কম গেলেন না। সালেহ আহমেদ শাওনের বলে নিলেন স্মিথের দুর্দান্ত এক ক্যাচ। এর আগে ব্যাট হাতে করেছেন ২৩ রান, বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল ধীরগতিতে। ওপেনার সাইফ হাসানকে তো রীতিমতো সংগ্রামই করতে হয়েছে। সাইফ-পিনাকের উদ্বোধনী জুটি ৫৬ বলে করেছেন ৩০ রান। উইকেটের চরিত্র বুঝে আসল কাজটি করেছেন নাজমুল। ১০৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর প্রোটিয়াদের সামনে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছেন তিনি। ৭৩ রানের ইনিংসে কখনো ছিলেন অশান্ত, কখনো আবার সত্যিই শান্ত। লং অন দিয়ে উড়িয়ে মারার সামর্থ্য যেমন দেখিয়েছেন, পরিস্থিতির দাবি মেনে কখনো এক-দুই করে নিয়েও সচল রেখেছেন স্কোরবোর্ড। জয়রাজ শেখের ৪৬ রানের ইনিংসটাও ছিল সময়পোযোগী।
নাজমুলকে যোগ্য সংগত দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে সবচেয়ে দুই অভিজ্ঞ খেলোয়াড়ের চতুর্থ উইকেট জুটিতে করা ৫৯ রানই চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় বাংলাদেশকে। মন্থর উইকেট হলেও ২৪০ রান জয়ের জন্য যথেষ্ট হলো কি না, সে আশঙ্কা অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। কোচ মিজানুর রহমানের কথা সত্যি করে শেষ পর্যন্ত আশঙ্কাটা ভুল প্রমাণিত হয়েছে। ম্যাচের আগে কোচ বলেছিলেন, ‘ওদের তুলনায় আমরাই এগিয়ে থাকব।’ তবে বিশ্বকাপের ম্যাচ বলেই কিছুটা চিন্তা থেকে গিয়েছিল। ম্যাচ শেষে নাজমুল যতই বলুন, ‘মাঠে নামার আগে পরিকল্পনা ছিল বিশ্বকাপের ম্যাচ না ভেবে স্বাভাবিক খেলা খেলব’, বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ আসরে বাংলাদেশের পথ হারানোর উদাহরণ তো কম নেই!