আত্মবিশ্বাসী ডি ভিলিয়ার্স

১৪০-১৪৫ কিমি গতির বলে স্কুপ, সুইপ। যেকোনো বলকে মাঠের যেকোনো প্রান্তে পাঠাতে পারেন। গোটা ক্রিকেট-বিশ্ব জানে, ব্যাট হাতে তাঁর ভয়ডর বলতে কিছু নেই। তবে শুধু ব্যাটসম্যান হিসেবে নন, অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও কম সাহসী নন! ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেমন নিজেদের সঙ্গে লেগে থাকা সবচেয়ে অস্বস্তির তকমাটাকে বরণ করে নিয়ে বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা চোকার। অতীতে চোক করেছি।’ এবার বিশ্বকাপ সেমিফাইনালের আগের দিন সেই ডি ভিলিয়ার্স কী আত্মবিশ্বাসী, ‘আমাদের কেউ থামাতে পারবে না!’
ডি ভিলিয়ার্সের আত্মবিশ্বাসের মূলে অবশ্যই কোয়ার্টার ফাইনাল জয়ের আনন্দ। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম নকআউট ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। নকআউটের প্রাথমিক স্নায়ুর চাপও তাই আর নেই। সামনে এখন নতুন দিগন্তে ডানা মেলার হাতছানি। আজ জিতলেই প্রথম ফাইনাল! দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এতটাই টগবগ করে ফুটছেন যে দৃষ্টি আরও দূরে, ‘আমরা এখন দারুণ আত্মবিশ্বাসী। দলটা দারুণ অবস্থায় আছে, সবার মানসিকতা দুর্দান্ত। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, এই টুর্নামেন্টে কেউ আমাদের আটকাতে পারবে না।’
গত বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে হেরেছিল ফেবারিট দক্ষিণ আফ্রিকা। আগের বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট হিসেবে টুর্নামেন্টে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গিয়েছিল সেমিফাইনালে। ওই দুই বিশ্বকাপেই ছিলেন ডি ভিলিয়ার্স। আগের ব্যর্থতার ইতিহাস দেখেছেন টিভিতে, পড়েছেন পত্রপত্রিকায়। তবে এখন অতীতে ফিরে তাকাতে নারাজ ডি ভিলিয়ার্স। প্রোটিয়া অধিনায়কের দৃষ্টি সামনে, ‘অতীতে আমরা কেমন করেছি, বিশ্বকাপে কেন ব্যর্থ হয়েছি, এসবে একটু বেশিই গুরুত্ব দেওয়া হয়েছে এবং হচ্ছে। অতীতের ওই আবেগ, আবেগের সঙ্গে লড়াই, ওসব গ্রহণ করা, আবার লড়াই করা...সবকিছু মিলিয়ে ওই পুরো প্যাকেজটা কাটিয়ে এসেছি আমি। সত্যি বলছি, আমি ওসব একটুও পাত্তা দিই না। কিন্তু আমি জানি যে আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে আমরাই শীর্ষে থাকব। দল হিসেবে নিজেদের সামর্থ্যে আমাদের দারুণ আস্থা। এর আগে বিশ্বকাপে আমাদের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু এবার আমরা ফুরফুরে, তরতাজা এবং কালকের (আজ) ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।’
আজকের ভেন্যু ইডেন পার্কেই গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এই মাঠেই আবার পাকিস্তানের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২৩২ রান তাড়া করে অলআউট ২০২ রানে। বিস্মরণযোগ্য ওই ম্যাচটিই এখন ডি ভিলিয়ার্সের কাছে প্রেরণার, ‘আমি শুনলাম এই মাঠে কেউ কখনো ২৩০ রান তাড়া করে জিততে পারেনি। তো সেমিফাইনালে মাঠে নামার আগে এ ধরনের ছোট ছোট ব্যাপারগুলো জানা খুব খারাপ কিছু নয়। সবাই জানলাম যে এখানে কী প্রত্যাশা করা যায়, দ্রুত কিছু উইকেট হারালেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তা ছাড়া মাঠে হাল না ছেড়ে লড়ে গেলে একটা না একটা পথ বের হয়ই।’
আজ ফাইনালের পথের শেষটা দেখতে পাবেন ডি ভিলিয়ার্স? এএফপি, দ্য নিউজিল্যান্ড হেরাল্ড।