আত্মবিশ্বাসী তাসকিন-সানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর তোলা এই ছবিটি নিজেই তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছেন তাসকিন আহমেদ
বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর তোলা এই ছবিটি নিজেই তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছেন তাসকিন আহমেদ

আগে ছিল পরীক্ষার জন্য অপেক্ষা। এখন অপেক্ষা পরীক্ষা শেষে ফল জানার। অপেক্ষাটা দুই থেকে তিন সপ্তাহের। এর মধ্যেই জানা যাবে তাসকিন আহমেদ আর আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ, নাকি এখনো রয়ে গেছে ত্রুটিপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই দুই বোলার এখনই বল করতে পারবেন, নাকি পরীক্ষা দিতে হবে আবারও।
ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে স্থানীয় সময় কাল সকাল সাড়ে ১০টায় পরীক্ষা ছিল তাসকিন আহমেদের। বেলা দুইটায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আরাফাত সানিও। তাঁদের সঙ্গে থাকা জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে পরীক্ষার পরপরই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খানকে ফোনে সব ঠিকঠাকভাবে হয়েছে বলে জানিয়েছেন। ‘কোচের সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের পরীক্ষাই ভালোভাবে হয়েছে। তাসকিনের সঙ্গেও কথা বলেছি। ও প্রথমে একটু টেনশনে থাকলেও কোনো সমস্যা হয়নি’—বলেছেন সাব্বির।
ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন ও সানির বিরুদ্ধে। পরে ভারতের চেন্নাইয়ের পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েন দুজনই। তাতেও অবশ্য এখন পর্যন্ত কোনো ম্যাচ মিস করতে হয়নি তাসকিন-সানিকে। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর বাংলাদেশ দলই যে এখনো খেলেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ!
তবে আফগানিস্তানের সঙ্গে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু তিন ওয়ানডের সিরিজে যে সানির খেলা হচ্ছে না, সেটি একরকম নিশ্চিত। ওয়ানডের ২০ জনের পুলেই নেই বাঁহাতি এই স্পিনার। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আশাবাদী তাসকিনকে নিয়ে। কাল মুঠোফোনে বলছিলেন, ‘হাথুরুসিংহে আমাদের বলেছেন, অনেক সময় ১০-১২ দিনেও নাকি বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। আফগানিস্তান সিরিজের চূড়ান্ত দল ঘোষণার আগে যদি সত্যি সত্যি ফলাফল চলে আসে এবং তাসকিন আইসিসির ছাড়পত্র পেয়ে যায়, তাহলে অবশ্যই তাকে দলে নেওয়ার কথা চিন্তা করব।’
পরীক্ষা হয়ে গেলেও আরও দুই দিন অস্ট্রেলিয়াতেই থাকবেন তাসকিন ও সানি। তাঁদের দেশে ফেরার কথা ১১ সেপ্টেম্বর। হাথুরুসিংহে ফিরবেন ঈদের পর। ১৮ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হওয়ার কথা জাতীয় দলের অনুশীলন।