আত্মবিশ্বাসে যে চাপ ক্ষয়ে যাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বিসিবি একাডেমি মাঠে যখন নেট করছিলেন মেহেদী হাসান মিরাজ, কোচ মিজানুর রহমান পেছনে দাঁড়িয়ে তাঁর ব্যাটিং দেখছিলেন শ্যেনদৃষ্টিতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে মেহেদীর দিকে চোখ থাকবে পুরো দেশেরই l শামসুল হক
কাল বিসিবি একাডেমি মাঠে যখন নেট করছিলেন মেহেদী হাসান মিরাজ, কোচ মিজানুর রহমান পেছনে দাঁড়িয়ে তাঁর ব্যাটিং দেখছিলেন শ্যেনদৃষ্টিতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে মেহেদীর দিকে চোখ থাকবে পুরো দেশেরই l শামসুল হক

অদ্ভুত একটা সারল্য মেহেদী হাসান মিরাজের হাসিতে। হাসিটা সারাক্ষণই লেগে থাকে মুখে। যেকোনো কথায়, যেকোনো প্রশ্নে। সাধারণ কথাগুলোও তাতে হয়ে ওঠে অসাধারণ। শুনে ভালো লাগে, আনন্দ হয়।
মিরপুরে কাল সে রকম ভালো লাগা আর আনন্দ-জাগানিয়া উপলক্ষ এল কয়েকবার। যুব বিশ্বকাপের সেমিফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলন। ঘরের মাঠে এত বড় ম্যাচ খেলা অবশ্যই একটা চাপ। প্রসঙ্গটা একটু পর পরই এল। কিন্তু চাপে কাত হওয়া দূরের কথা, প্রতিবারই হাস্যোজ্জ্বল মেহেদী। চাপ যেন এক মজার জিনিস!
প্রশ্ন উঠল, যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য এখন শিরোপা জয়েরও স্বপ্ন এঁকে দিচ্ছে। খেলোয়াড়েরা নিশ্চয়ই খুব রোমাঞ্চিত, কিন্তু একটু চাপেও কি নয়? এমন দ্বিমুখী প্রশ্নে উত্তরদাতার মাঝামাঝি হাঁটাটা কঠিন। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের হাসিমাখা সহজ-সরল উত্তর বলে দেয়, তাঁদের লক্ষ্য কতটা স্থির, ‘রোমাঞ্চ, চাপ কোনোটাই নেই। এসব থাকলে জিততে পারব না। আমরা যদি এখানেই সন্তুষ্ট থাকি তাহলে এখানেই শেষ করতে হবে। আমরা সন্তুষ্ট নই। আমাদের লক্ষ্য একটি একটি করে ম্যাচ জেতা।’
টুর্নামেন্টের শুরু থেকেই এই কথা। তাই বলে বাংলাদেশের যুবারা যেখানে আগে কখনোই পৌঁছায়নি, সেখানে পৌঁছানোর অনুভূতি কি ক্ষণিকের জন্য হলেও গায়ে কাঁটা দেয় না! মেহেদীর কথা, ‘টুর্নামেন্টের শুরু থেকেই স্যার (কোচ মিজানুর রহমান) বলেছেন, আমরা প্রতিদিন একটি করে ম্যাচ খেলব আর একটি করে ম্যাচ জিতব। সেমিফাইনালে এসেছি এটা কেউ চিন্তাই করছি না। আমার চিন্তা কাল একটা ম্যাচ, ওটা আমাদের জিততে হবে। তারপর সামনে যা হওয়ার হবে...নো প্রবলেম।’
কোচের ছায়ায় সব খেলোয়াড় একসঙ্গে থাকলে চাপটাপ মাঝেমধ্যে উবে যেতে পারে। কিন্তু সময়ের রোমাঞ্চ কি তাতে হারিয়ে যায়! দলের বাইরে দল নিয়ে আলোচনা, একটু একটু করে প্রত্যাশার সৌধ তৈরি হওয়া—এতেও তো পা খানিকটা টলে যাওয়ার কথা কৈশোরোত্তীর্ণ এই ক্রিকেটারদের। তাও টলছে না। ‘বাইরের কিছু শুনব না, বাইরের কিছু দেখব না’ প্রতিজ্ঞায় পুরো দল এমনই ঐক্যবদ্ধ যে সবার মাথায় শুধু খেলাটাই ঘুরছে। মেহেদীর দর্শন তো খুবই পরিষ্কার, ‘যখন আমি ক্রিকেট খেলা শুরু করি তখন পরিবার বা দর্শকের কথাও চিন্তা করি না। একটাই চিন্তা থাকে, বলটা আসছে...কীভাবে ভালো খেলব। কীভাবে রান করতে হবে। কীভাবে উইকেট নিতে হবে।’
এই প্রসঙ্গ পরেও এসেছে। মেহেদীকে চাপ কখনোই আক্রান্ত করেনি। একবার তো তাঁর সরল উত্তর হাসির রোলই তুলে দিল সংবাদ সম্মেলনকক্ষে, ‘আমার পরিবার সেভাবে খেলা বোঝে না। তারা শুধু দেখে রান করেছি কিংবা উইকেট পেয়েছি কি না। এটা হলেই বাবা-মা খুশি। বাবা-মা একটা কথাই বলেন, তোমাদের সাধ্যমতো চেষ্টা করো, খারাপ হলে মন খারাপ করো না। সামনে হবে ইনশাআল্লাহ।’
বিশ্বকাপ চলাকালে ক্রিকেটারদের বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বলতে বাবা-মায়ের সঙ্গে ওই কথাটুকুই। কোচ মিজানুর রহমান শুরুতেই পুরোনো সিমগুলো নিজের কাছে নিয়ে সবাইকে একটি করে নতুন সিম দিয়ে দেন। সেই সিম দিয়ে শুধু বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রাখতে বলেন খেলোয়াড়দের। কোচের যুক্তি, ‘আমি মনে করেছি এটা করলে ওদের মনোযোগ খেলার মধ্যে থাকবে। বন্ধুবান্ধব বা অন্যদের সঙ্গে কথা বললে তারা হয়তো বা এমন কিছু বলবে যাতে ওদের মনোযোগ অন্যদিকে চলে যাবে।’
কিন্তু ‘চাপ’, ‘মনোযোগ’ জাতীয় বায়বীয় ব্যাপারগুলো তো আর বিধিনিষেধের দেয়াল তুলে প্রতিরোধ করা যায় না! শক্ত সুতোয় বেঁধে রাখাও সম্ভব নয়। বিশ্বকাপের বাতাসে ভেসে কিছু স্নায়ুচাপ ক্রিকেটারদের মনস্তত্ত্বে ঢুকে যাওয়াই বরং স্বাভাবিক। কোচের কাছে সেটিরও প্রতিষেধক আছে, ‘আমি এ ব্যাপারগুলো নিয়ে ওদের সামনে কথাই বলি না। কারণ কিছু ছেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলেও অনেকে পারে না। তাদের ওপর চাপ চলে আসে।’
তাঁর চোখে সবচেয়ে বড় চাপ ম্যাচ জয়ের চাপ। এর চেয়ে বেশি চাপ বন্ধুবান্ধব, পরিবার, এমনকি গ্যালারিভরা দর্শকও দিতে পারে না। এই চাপ লুকিয়ে থাকে ক্রিকেটারদের মনের ভেতর। যেকোনো ম্যাচে সেটা ভুলে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেহেদীর দল এখন পর্যন্ত তা পেরেছে। কোচের বিশ্বাস, পারবে আজও। সর্বজয়ী আত্মবিশ্বাসের সামনে ক্ষয়ে যাবে স্নায়ুক্ষয়ী চোরা চাপ।