আত্মবিশ্বাসের খোঁজে মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান। কে বলবে এটা টি-টোয়েন্টির স্কোর? এই ব্যাটিং-ব্যর্থতাকে পাকিস্তান টেনে এনেছে ওয়ানডে সিরিজেও। প্রথম ওয়ানডেতে ২৫৬ রান তাড়া করে ৩৭ ওভারের মধ্যেই অলআউট ১৬২ রানে। এই দুই ম্যাচে আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও পাওয়া যায়নি পাকিস্তানের ব্যাটিংয়ে। আত্মবিশ্বাসহীন সেই ব্যাটিং লাইনআপ আজ আবার দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়ার সামনে। দুবাইয়ে কি আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিজেদের ফিরে পাবে মিসবাহ-উল-হকের দল?
পাকিস্তানি অধিনায়ক ভাবছেন সেটা সম্ভব, ‘এ মুহূর্তে আমাদের আত্মবিশ্বাস নড়বড়ে। আত্মবিশ্বাস যখন খারাপ থাকে সোজা আসা বলকেও খুব কঠিন মনে হয়। এসব খেলোয়াড়ই আগে ভালো করেছে, তবে এ মুহূর্তে আত্মবিশ্বাস ফিরে পেতে একটি ভালো ইনিংস দরকার। কেউ খুব ভালো ইনিংস খেললেই আমরা পথ ফিরে পাব।’
সেই ভালো ইনিংসটা মিসবাহর ব্যাট থেকে এলেও। শুধু সতীর্থরাই নন, তিনিও যে নিজেকে হারিয়ে খুঁজছেন। শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ টেস্ট ও ওয়ানডে সিরিজের দুটিতেই সমান ৬৭ রান করা চল্লিশোর্ধ্ব এই ব্যাটসম্যান প্রথম ওয়ানডেতে আউট হয়েছেন মুখোমুখি হওয়া প্রথম বলেই। সর্বশেষ ১২টি আন্তর্জাতিক ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন অধিনায়ক। এএফপি।