আত্মসমালোচনায় মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকেই দলের ব্যর্থতার কারণ বলে মনে করেন মিসবাহ ছবি: দ্য ডন।
নিজেকেই দলের ব্যর্থতার কারণ বলে মনে করেন মিসবাহ ছবি: দ্য ডন।

পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সের যে হাল, তাতে অনেকেই অধিনায়ক মিসবাহ-উল-হকের দোষ খুঁজে পান। অধিনায়কের বাজে পারফরম্যান্সই নাকি দলের ওপর প্রভাব রাখছে। সমালোচকদের সঙ্গে একমত খোদ পাকিস্তান অধিনায়কই। তিনি নিজেই স্বীকার করেছেন, তাঁর ফর্মহীনতা পাকিস্তানের খারাপ ফলের একটা ‘বড় কারণ’।
পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন-এর সঙ্গে আলাপচারিতায় মিসবাহ জানিয়েছেন, তিনি নিজের ফর্মের ব্যাপারে কেন যেন অনেক বেশি ‘চাপ’ নিয়ে ফেলছেন। এই চাপ তাঁকে কোনোভাবেই সমস্যা থেকে মুক্তি দিচ্ছে না বরং তা বাড়িয়ে তুলছে, ‘আমি অনেক বেশি চাপ নিচ্ছি। কিন্তু সেটা আমার বা দলের কোনো উপকারে আসছে না। আমি একজন ব্যাটসম্যান হিসেবে দলের কোনো উপকারে আসতে পারছি না। আমার মনে হয় দলের বাজে পারফরম্যান্সের বড় কারণ এটিই।’
তিনি বেশ অসহায়ত্বের সঙ্গেই বলেছেন, ‘একজন সিনিয়র ব্যাটসম্যান যখন রান পায় না, তখন তা দলের ওপর বাজে প্রভাব তৈরি করে। আমার অবস্থা এখন তা-ই। সিনিয়র খেলোয়াড়দের ভালো খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’
সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরটা খুব দ্রুতই ভুলে যেতে চাইবে পাকিস্তান। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হার এই সফরে কোনো মতেই স্মৃতি রোমন্থনের নয়। মিসবাহও চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সফরের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে। শ্রীলঙ্কায় ব্যর্থতার কারণ হিসেবে তিনি অবশ্য বলেছেন অন্য কারণ, ‘এই সফরটি ছিল যাচ্ছেতাই। ম্যাচ প্র্যাকটিসের অভাবই এই সফরে পাকিস্তানের ব্যর্থতার মূল কারণ।’
রঙ্গনা হেরাথের কাছেই এই সিরিজে বিধ্বস্ত পাকিস্তান। দুই টেস্টে ২৩ উইকেট নিয়ে একাই পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছেন তিনি, ‘হ্যাঁ, আমরা হেরাথকে কোনো উত্তর দিতে পারিনি। তাঁকে মোকাবিলা করতে আমরা সবাই ব্যর্থ হয়েছি। স্রেফ ব্যর্থ হয়েছি।’
দলের ব্যর্থতায় মিসবাহর পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে প্রধান কোচ ওয়াকার ইউনুস ও জিম্বাবুইয়ান ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের বিপক্ষেও। মিসবাহ অবশ্য ব্যাপারটিকে একটু বাড়াবাড়িই মানছেন, ‘দেখুন তাঁরা তো মাত্রই দায়িত্ব নিলেন। খেলোয়াড়েরাই যদি মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে না পারে, তাহলে কোচরা কী করবে? আমি মনে করি যেকোনো কোচিং স্টাফরাই দলের খেলোয়াড়দের প্রয়োজনেই থাকেন। তাঁরা নিজেদের কাজটা ঠিকই করেন। কিন্তু আসল কাজটা তো করতে হবে ওই খেলোয়াড়দেরই। এ ক্ষেত্রে তাঁদের সময় দেওয়াটাকেই আমি যুক্তিযুক্ত বলে মনে করি।’